সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ আসামিদের করা আপিলের ওপর আজ বুধবার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আপিলকারী মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলের পক্ষে ছিলেন আইনজীবী মো. আলী। অপর আসামি দেলোয়ার হোসেন ওরফে রিপনের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হেলাল উদ্দিন মোল্লা।
ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রধান ফটকের কাছে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন আহত হন।