মুফতি হান্নানসহ আসামিদের আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর ২০০৪ সালের ২১ মে গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নানসহ দুই আসামির করা আপিলের শুনানি গ্রহণ শুরু হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল বুধবার শুনানি নিয়ে ৬ ডিসেম্বর পরবর্তী দিন রেখেছেন। এ ছাড়া এক আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রনিযুক্ত হিসেবে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ। মুফতি হান্নানসহ দুই আসামির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।

বশির আহমেদ প্রথম আলোকে বলেন, তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এর মধ্যে দুই আসামি আপিল করেন, একজন করেননি। আদালত ন্যায়বিচারের স্বার্থে রিপন নামের ওই আসামির পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে এ বি এম বায়েজীদকে নিয়োগ দিয়েছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে হাইকোর্টের দেওয়া রায় উপস্থাপন করেছে।