মুফতি হান্নানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাটে ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাংসদ শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রধান মুফতি আব্দুল হান্নানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দুটি অভিযোগপত্র দাখিল করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া পৃথক দুটি অভিযোগপত্র বাগেরহাট কোর্ট পুলিশ গতকাল বুধবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজওয়ানুজ্জামানের আদালতে দাখিল করেন। বাগেরহাট আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সিআইডি ফরিদপুর জোনের সহকারী পুলিশ সুপার এ বি এম সিদ্দিকুর রহমানের পাঠানো অভিযোগপত্র দুটি যথাযথ প্রক্রিয়া শেষে বাগেরহাট কোর্ট পুলিশ গতকাল বিকেলে আদালতে উপস্থাপন করে। নথি পর্যালোচনার জন্য গ্রহণ করেছেন আদালত। আগামী ১০ অক্টোবর এই মামলার ধার্য তারিখে আদালত আদেশ দিতে পারেন।

জানা গেছে, অভিযোগপত্রভুক্ত ছয় আসামি হলেন হুজির প্রধান মুফতি আব্দুল হান্নান (৫০), বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাদশা মিঞা শিকদার (৭০), জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্য জিল্লুর রহমান ওরফে জিনু মোল্লা (৬০), আবু তালেব (৪২), আরিফুজ্জামান ওরফে আনিস (৪০) এবং হাফেজ মোহমঞ্চদ রকিব হাসান ওরফে রাসেল ওরফে হাসান (৪৩)। এঁদের মধ্যে জিনু মোল্লা ও আবু তালেবের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। হান্নান ও আনিসের বাড়ি গোপালগঞ্জ এবং রাকিবের বাড়ি জামালপুরে। জেএমবির এই চার সদস্য ২০০৫ সালের ১৭ আগস্ট বাগেরহাটে সিরিজ বোমা হামলার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফরিদপুর জোনের সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান গতকাল মুঠোফোনে জানান, মামলার তদন্তে ঘটনার সঙ্গে হুজি ও জেএমবি সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে। বাদশা ও জিনু মোল্লা মামলার এজাহারভুক্ত আসামি। তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী এই ছয় আসামিকে চিহ্নিত করা হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, মুফতি হান্নানের নির্দেশে ২০০১ সালের ২১ সেপ্টেম্বর রাত ১১টায় মোল্লাহাট উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি বাদশা শিকদারের বাড়িতে জিনু মোল্লা ও আবু তালেব বৈঠক করে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেন।

সিআইডির অভিযোগপত্রে মামলার এজাহারভুক্ত ১৭৬ জন আসামির মধ্যে বাগেরহাট জেলা বিএনপির তৎকালীন সভাপতি এম এ এইচ সেলিম, সহসভাপতি এবং ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী শেখ মুজিবর রহমানসহ অন্য ১৭৪ জন এজাহারভুক্ত আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়।

২০০১ সালের ২৩ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে মোল্লাহাটে খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) ও বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদপ্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় দূর নিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জনসভায় আসা আটজন নারী-পুরুষ নিহত হন। শেখ হেলালসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। পরদিন মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি চৌধুরী জিয়াউল ইসলাম বাদী হয়ে ১৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

২০১০ সালের ১৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সিদ্ধান্ত অনুযায়ী জনসভায় বোমা হামলার এই মামলাটি পুনরুজ্জীবিত করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। একই বছরের ৭ এপ্রিল কারাগারে আটক হুজি নেতা মুফতি আব্দুল হান্নানকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে এই মামলায় বাগেরহাট কারাগারে আটক জেএমবির ছয় সদস্যকেও গ্রেপ্তার দেখানো হয়।