মুফতি হান্নানসহ ছয় জঙ্গি অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আওয়ামী লীগের সাংসদ সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় গ্রেনেড হামলা মামলায় মুফতি আবদুল হান্নানসহ ছয়জন জঙ্গিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে আরও দুই জঙ্গিসহ সাতজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি সিলেট অঞ্চলের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শামীম-উর-রশীদ পীর গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রে হরকাতুল জিহাদের শীর্ষস্থানীয় জঙ্গি নেতা মুফতি হান্নান (৪৫) ছাড়াও সংগঠনের জঙ্গি মফিজুল ইসলাম ওরফে অভি ওরফে মহিবুল্লাহ (৩০), মুফতি মইনুদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে খাজা (২৯), শরিফ শাহেদুল আলম বিপুল (৩৮), মো. দেলওয়ার হোসেন রিপন (২৮), হুমায়ুন কবির হিমুকে (২৪) অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া সিলেটে বিভিন্ন জঙ্গি হামলার আরও ১৩টি মামলায় এই ছয়জনের বিচার চলছে। হিমু ছাড়া বাকি পাঁচজন কারাবন্দি।অভিযোগপত্রে অব্যাহতির সুপারিশ করা সাতজন হলেন: সিলেট নগরের পাঠানটুলার বাসিন্দা লুৎফুর রহমান তালুকদার, আখালিয়ার জে এম ইলিয়াস কাঞ্চন, হবিগঞ্জের বদরুল আলম মিজান, জগন্নাথপুরের সৈয়দ নাঈম আহমদ আরিফ, ফরিদপুরের আহসানউল্লাহ ওরফে হাসান কাজল, অজ্ঞাত ঠিকানার ফখরুল ইসলাম ফাহিম ও সাঈদ। এর মধ্যে হবিগঞ্জের মিজান ও জগন্নাথপুরের আরিফ সিলেটে জঙ্গিদের বোমা-গ্রেনেড হামলার বিচার চলমান মামলার আসামি। দুজনেই কারাগারে রয়েছেন। ২০০৪ সালের ৪ ডিসেম্বর বিকেলে নগরের তাঁতীপাড়ায় সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় গ্রেনেড হামলা হয়। এতে জেবুন্নেছাসহ সিলেট জেলা ও মহিলা আওয়ামী লীগের নেত্রী রুবি ফাতেমা ইসলাম, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান, শাহানারা বেগম, সালমা বাছিত, বিভা রানী ধরসহ আটজন আহত হন। জেবুন্নেছা হক গোড়ালিতে গুরুতর আঘাত পান। এ ঘটনায় জেবুন্নেছা হকের স্বামী এনামুল হক বাদী হয়ে ঘটনার প্রায় এক সপ্তাহ পর সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ঘটনা পর্যায়ক্রমে তদন্ত করেন পুলিশের পাঁচজন কর্মকর্তা। কিন্তু তদন্তে জঙ্গি হামলার বিষয়টি উন্মোচিত হয়নি। অভিযুক্ত দেলওয়ার হোসেন রিপনের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে হরকাতুল জিহাদের জঙ্গিদের গ্রেনেড হামলার বিষয়টি উন্মোচিত হলে সিআইডি ঘটনার তদন্ত শুরু করে।স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে অভিযোগপত্রে বলা হয়, জঙ্গিরা চারটি গ্রেনেড সিলেটে বহন করে নিয়ে আসে এবং নারী সাংসদের বাসায় একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরীক্ষা করে দেখা গেছে, বিস্ফোরিত গ্রেনেডটি আর্জেস-৮৪। সিলেট অঞ্চলে হরকাতুল জিহাদের দায়িত্বপ্রাপ্ত নেতা শরিফ শাহেদুল আলম বিপুলের মাধ্যমে ঢাকা থেকে চারটি গ্রেনেড কম্পিউটারের বাক্সে করে নিয়ে এসে সিলেটে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।