নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার ঘটনায় করা দুটি মামলায় হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নানসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। এই মামলায় অভিযুক্ত হলেও ক্রসফায়ারে নিহত যুবদলের নেতা মমিন উল্লাহ ডেভিড ও কাজলের নাম বাদ দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার এবং শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৩১ জনকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরী। মামলায় অভিযুক্তরা হলেন ক্রসফায়ারে নিহত যুবদলের নেতা মমিন উল্লাহ ডেভিডের ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাৎ উল্লাহ, জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান, উত্তর চাষাঢ়া এলাকার মো. ওবায়দুল হক, বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাশেম, ভারতে পুলিশের হাতে আটক হুজি নেতা দুই ভাই আনিসুল মোরছালিন ও মাহবুব মুত্তাকিন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরী জানান, আসামি জুয়েল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা কোথায় বসে কীভাবে বোমা হামলার পরিকল্পনা করেছিলেন, সেসব বিষয় প্রকাশ করেন। জুয়েল বলেন, শামীম ওসমানকে হত্যার উদ্দেশ্যে এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল করতে ওই বোমা হামলা চালানো হয়। হামলার পেছনে মূলত কাজ করেন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান। তিনিই ওই অর্থের জোগানদাতা। বিএনপির কিছু পথভ্রষ্ট নেতাকে সঙ্গে নিয়ে তিনি এ হামলা চালান। শামীম ওসমান ২০০১ সালে নারায়ণগঞ্জে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেন এবং জঙ্গিদের কোনো আস্তানা রাখা হবে না—এই ঘোষণা দেওয়ার কারণেই মূলত বোমা হামলা চালানো হয়। এই মামলায় মুফতি হান্নান ও শাহাদাৎ উল্লাহ বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এই মামলায় ওবায়দুল ও শওকত হাশেম জামিনে রয়েছেন। মামলার তদন্তকারী সাত কর্মকর্তা তদন্ত শেষে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত হলেও ক্রসফায়ারে নিহত যুবদলের নেতা মমিন উল্লাহ ডেভিড ও কাজলকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলমসহ ৩১ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগের অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হন তৎকালীন সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ শতাধিক। এই ঘটনায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে তৈমুরসহ ২৭ জনকে দায়ী করে পৃথক দুটি মামলা করেন।