মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান
জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। প্রায় এক যুগ আগের এই মামলায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ও আসামিদের আপিল খারিজ করে হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
মুফতি হান্নান নিষিদ্ধ জঙ্গিসংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) শীর্ষস্থানীয় নেতা। তাঁর পরিকল্পনা ও নির্দেশনায় বাংলাদেশে উগ্র জঙ্গিবাদ ও নাশকতা বিস্তৃত হয়েছে। ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলের কাছে বোমা পুঁতে রাখার ঘটনায় প্রথমবারের মতো তিনি আলোচনায় আসেন। ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা, ২০০৫ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার মতো উল্লেখযোগ্য নাশকতার ঘটনায় জড়িত ছিলেন এই মুফতি হান্নান। তাঁরই পরিকল্পনায় ও নির্দেশে ২০০৪ সালের ২১ মে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনারের ওপর সিলেটে গ্রেনেড হামলা হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, ‘ডেথ রেফারেন্স অনুমোদন, আসামিদের আপিল খারিজ ও জেল আপিল নিষ্পত্তি করা হলো।’
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান উপস্থিত থাকলেও আসামিপক্ষের আইনজীবীদের কেউ ছিলেন না।
গতকাল রায়ের পর মনিরুজ্জামান কবীর সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতের দেওয়া রায় হাইকোর্ট বহাল রেখেছেন। ফলে মুফতি হান্নানসহ তিন আসামির ফাঁসি ও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকল। এই পাঁচ আসামির সবাই কারাগারে আছেন। আর আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল করা হবে।
এই রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) একজন মুখপাত্র প্রথম আলোর লন্ডন প্রতিনিধিকে বলেন, ‘এই ভয়ংকর অপরাধের বিচারের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের অনুসন্ধানের প্রতি আমাদের জোরালো সমর্থন রয়েছে। তবে এটা সবাই জানে, যুক্তরাজ্য যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের নিন্দা করে।’
২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামীম মো. আফজাল এ মামলার তিন আসামি মুফতি আবদুল হান্নান, হুজির সদস্য শরীফ শাহেদুল আলম (বিপুল) ও দেলোয়ার হোসেনের (রিপন) মৃত্যুদণ্ডাদেশ দেন। অপর দুই আসামি মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি ও মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মুফতি হান্নানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে। শরীফ শাহেদুল আলমের বাড়ি চাঁদপুরের মাইশাদি গ্রামে, থাকতেন সিলেটের শান্তিবাগে। দেলোয়ার মদনমোহন কলেজে লেখাপড়া করতেন, থাকতেন সিলেটের দক্ষিণ সুরমায়। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কোনাগাঁওয়ে। নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের আবু জান্দাল থাকতেন ঢাকার ওয়ারীতে।
২০০৪ সালের ২১ মে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গেলে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। সেখানে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাঁকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এই হামলায় তিনজন নিহত হন। আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন আহত হন।
ঘটনার দিন সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ। ব্রিটিশ গোয়েন্দা দলের (স্কটল্যান্ড ইয়ার্ড) চারজন সদস্য দুই দফা এ দেশে এসে হামলার ধরন, ব্যবহৃত গ্রেনেড, লক্ষ্যবস্তু ও প্রেক্ষাপট পর্যালোচনা করে সরকারকে প্রতিবেদন দিয়েছিলেন।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গ্রেনেড হামলার পর আহত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে (বাঁ থেকে দ্বিতীয়) উদ্ধার করে নিয়ে যাচ্ছেন তাঁর নিকটাত্মীয় আইনজীবী আবদুল হাই l ফাইল ছবি
২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গ্রেনেড হামলার পর আহত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে (বাঁ থেকে দ্বিতীয়) উদ্ধার করে নিয়ে যাচ্ছেন তাঁর নিকটাত্মীয় আইনজীবী আবদুল হাই l ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৭ জুন মুফতি আবদুল হান্নান, তাঁর ভাই মহিবুল্লাহ, শরীফ শাহেদুল ও দেলোয়ারকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ৩১ জুলাই চারজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরের বছর আবু জান্দালকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ২৩ ডিসেম্বর নিম্ন আদালত মামলার রায় ঘোষণা করেন।
নিম্ন আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে যায়। এ ছাড়া আসামিরা আলাদা আপিল করেন। চলতি বছরের ৬ জানুয়ারি হাইকোর্টে এই ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয়। তিন দিনে রাষ্ট্রপক্ষ পেপারবুক উপস্থাপন শেষ করে। এরপর ছয় দিন ধরে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ, মোহাম্মদ আলী ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। ৩ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়।