মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুফতি আবদুল হান্নান
মুফতি আবদুল হান্নান

বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।
আসামিদের আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ গতকাল বুধবার রায় দেন। অপর দুই আসামি হলেন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) সদস্য শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন।
দেশে এককভাবে সবচেয়ে বেশি ও বড় ধরনের হামলার ঘটনায় অভিযুক্ত মুফতি হান্নানের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার চূড়ান্ত রায় হলো।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, রায়ের কপি যাওয়ার পর বিচারিক আদালত মৃত্যু পরোয়ানা জারি করবেন। তারপর আসামিপক্ষ যদি রিভিউ আবেদন (পুনর্বিবেচনা) করে, তাহলে আলাদা কথা। রিভিউ না করলে মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছার তিন সপ্তাহের ভেতর দণ্ড কার্যকর হবে।
আসামিপক্ষের আইনজীবী মো. আলী প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর তাঁরা রিভিউ আবেদন করবেন।
একই মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয় বিচারিক আদালতে, যা হাইকোর্ট বহাল রাখেন। তাঁরা হলেন মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি ও মুফতি মঈনউদ্দিন ওরফে আবু জান্দাল।
অ্যাটর্নি জেনারেল জানান, যাবজ্জীবন দণ্ডিত দুই আসামি যেহেতু আপিল করেননি, ফলে তাঁদের যাবজ্জীবন সাজা বহাল রয়েছে।
এক যুগ আগে ২০০৪ সালের ২১ মে ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। এ সময় তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন। হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক কামাল উদ্দিনসহ তিনজন নিহত হন। আনোয়ার চৌধুরী, সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি প্রয়াত আবদুল হাই খান, স্থানীয় সাংবাদিক মহিবুর রহমানসহ ৭০ জন আহত হন।

আনোয়ার চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটালি ইউনিয়নের প্রভাকরপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়ি। তিনি ২০০৪ সালের ১৫ মে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। এর পাঁচ দিন পর সিলেটে গিয়ে গ্রেনেড হামলার শিকার হন।

ঘটনার দিন দরগাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ছিলেন দরগাহর অন্যতম খাদেম মুজাহিদ হোসেন। তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে দরগাহর মূল ফটকের পাশে। ফটকের কাছেই গ্রেনেড বিস্ফোরিত হয়। গতকাল মুজাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখনো চোখে ভাসে ভয়াবহতা। ঘটনাটি নিয়ে জল ঘোলা করার অনেক চেষ্টাও হয়েছে। দেরিতে হলেও প্রকৃত অপরাধীদের বের করে বিচারের মুখোমুখি করা এবং সর্বোচ্চ আদালতেও দণ্ড বহাল থাকায় স্বস্তি পাচ্ছি। এ স্বস্তি পূর্ণতা পাবে রায় কার্যকরে।’

ওই গ্রেনেড হামলার ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। তদন্তের শুরুতেই ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ছিল বলে সে সময় অভিযোগ ওঠে। পুলিশ ঘটনার পর প্রথম নয় দিনে নয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, যাঁদের বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

মূলত ২০০৬ সালের সেপ্টেম্বরে হুজির সিলেট অঞ্চলের সংগঠন শরীফ শাহেদুল আলমকে গ্রেপ্তারের পর এই হামলার ঘটনায় হুজি-বি ও মুফতি হান্নান জড়িত থাকার কথা জানতে পারে তদন্তকারী সংস্থা। এরপর তদন্ত গতি পায়। এরপর ২০০৫ সালের ১ অক্টোবর ঢাকায় মুফতি হান্নান গ্রেপ্তার হন।

এ ঘটনায় করা দুটি মামলার (হত্যা ও বিস্ফোরক) অভিযোগপত্র দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৭ জুন। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মো. আফজাল মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর ২০০৮ সালে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন) হাইকোর্টে শুনানির জন্য আসে। ২০০৯ সালে আসামিরা আপিল করেন। ৬ জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়। নয় দিন শুনানি নিয়ে গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে বিচারিক আদালতে দেওয়া দণ্ড বহাল থাকে। গত ২৮ এপ্রিল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর মৃত্যুদণ্ড বহাল থাকা তিন আসামির মধ্যে হান্নান ও শাহেদুল ১৩ জুলাই আপিল করেন। এই আপিলের ওপর ৩০ নভেম্বর শুনানি শুরু হয়। শুরুতে আপিল না করা আসামি দেলোয়ার হোসেন ওরফে রিপনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ৬ ডিসেম্বর আপিলের ওপর শুনানি শেষ করে গতকাল রায় দিলেন সর্বোচ্চ আদালত। রায়ে আদালত বলেন, ‘আপিল ডিসমিসড।’

আদালতে রায় ঘোষণাকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ এবং আসামিপক্ষের আইনজীবী মো. আলী ও হেলাল উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

(প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সিলেট)