মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর দুই সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুল এবং দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি আজ বুধবার রাতে কার্যকর করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বুধবার রাত ১০টার দিকে মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর করা হয়। জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসিও সিলেট কেন্দ্রীয় কারাগারে রাত ১০টা ১ মিনিটে কার্যকর করা হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মিজানুর রহমান কারাফটকে সাংবাদিকদের জানান, রাত ১০টায় মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর করা হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া সাংবাদিকদের বলেন, দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি বুধবার রাত ১০টা ১ মিনিটে কার্যকর করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকর করার জন্য ৮৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি জল্লাদ ফারুকের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্যানেল রিপনের ফাঁসি কার্যকর করে বলে কারা সূত্র নিশ্চিত করেছে।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর পর্যাপ্ত নিরাপত্তায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মুফতি হান্নানের লাশ গোপালগঞ্জে এবং শরীফ শাহেদুল বিপুলের লাশ চাঁদপুরে পাঠানো হবে।
এ সময় সাংবাদিকেরা জানতে চান বিপুলের পরিবার তো তার সঙ্গে দেখা করতে আসেনি লাশ নেবে কি না—পর্যাপ্ত নিরাপত্তায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিলেটে ২০০৪ সালে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার মামলায় মুফতি হান্নান এবং তাঁর সহযোগী বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। হাইকোর্ট ও আপিল বিভাগেও তা বহাল থাকে।
রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) তিনজনের করা আবেদন খারিজ হয়। গত ২৭ মার্চ তিনজনই প্রাণভিক্ষা চেয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তাঁদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করেছেন। তিনজনের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর কারাবিধি অনুযায়ী তাঁদের ফাঁসি কার্যকর করতে পরবর্তী পদক্ষেপ নেয় কারা কর্তৃপক্ষ।
আরও পড়ুন