মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুফতি আবদুল হান্নান
মুফতি আবদুল হান্নান

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার মামলায় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান এবং তাঁর দুই সহযোগীর প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ায় কারাবিধি অনুযায়ী তাঁদের ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে। ১৮ এপ্রিলের মধ্যে যেকোনো দিন তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এই তিনজনের মধ্যে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নান ও তাঁর সহযোগী শরীফ শাহেদুল বিপুল রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। অপর জঙ্গি দেলোয়ার হোসেন ওরফে রিপন আছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে।
গতকাল রোববার বিকেলে যোগাযোগ করা হলে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বলেন, ফাঁসি কার্যকরের আদেশ এখনো তাঁরা হাতে পাননি। আজ সোমবার আদেশ পাওয়া গেলে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। যেহেতু তিন জঙ্গি একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই তাঁদের রায় একই দিন কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, আদেশ কারাগারে পৌঁছালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কারাবিধি অনুযায়ী দণ্ড কার্যকর হবে। সে বিষয়ে তাঁদের প্রস্তুতি আছে।
উপ কারা মহাপরিদর্শক পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কারাবিধি অনুযায়ী যেদিন মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়, সেদিন থেকে ২১ দিনের আগে নয়, ২৮ দিনের পরে নয়, এমন হিসাব করে রায় কার্যকর করা হয়। গত ২১ মার্চ মুফতি হান্নান ও তাঁর দুই সহযোগীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। সেই হিসাবে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর গতকাল ১৯তম দিন পার হয়েছে। ১১ এপ্রিল হবে ২১তম দিন। ১৮ এপ্রিল হবে ২৮তম দিন। এর মধ্যে যেকোনো দিন তাঁদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করা হবে।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মুফতি হান্নান ও তাঁর দুই সহযোগী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন, রাষ্ট্রপতি তা নামঞ্জুর করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর করতে কারাবিধি অনুযায়ী যা করা দরকার, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, রায় কার্যকর করতে অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে, টাইম ফ্রেম রয়েছে। কারাবিধি অনুযায়ীই রায় কার্যকর করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন জঙ্গির ফাঁসি কার্যকরের ক্ষেত্রে কোনো হুমকি নেই।
কারা সূত্র বলেছে, ২০০৪ সালের ২১ মে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ফটকে গ্রেনেড হামলায় তিনিসহ ৭০ জন আহত হন এবং তিনজন নিহত হন। ওই ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হওয়ার পর মুফতি হান্নানসহ তিন আসামি শেষ সুযোগ হিসেবে গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন।
দেলোয়ারের সঙ্গে পরিবারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ারের সঙ্গে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দেখা করেছেন পরিবারের সদস্যরা। শিশু, নারী, পুরুষসহ ১২ জন তাঁর সঙ্গে দেখা করেন। প্রায় ২৫ মিনিট তাঁরা ছিলেন। দেলোয়ারের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ছগির মিয়া।
কারা সূত্র বলেছে, পরিবারের সদস্যরা দেখা করে যাওয়ার পর থেকে দেলোয়ারকে চিন্তিত দেখা যাচ্ছে। তবে তিনি নিয়মিত খাওয়া-দাওয়া করছেন, কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি। ফাঁসির আদেশ পাওয়ার পরপরই যাতে কার্যকর করা যায়, সেদিকে লক্ষ রেখে ফাঁসির মঞ্চ ও ৮-১০ জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে।