মুফতি হান্নানসহ ১৩ জঙ্গির বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ ১৩ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মুখ্য মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে ১৪ বছর আগে করা মামলার বিচারকাজ শুরু হলো।
একই আদালত বিচারাধীন বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় অভিযোগ গঠনে অধিকতর শুনানির দিন ধার্য করেছেন ৪ সেপ্টেম্বর। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই তারিখ ধার্য করেন।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৩ সালের ১৭ ডিসেম্বর পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিলে মামলাটির অপমৃত্যু ঘটেছিল। পরে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ জানুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করার আদেশ দেন আদালত। কিন্তু তৎকালীন সরকারের আমলে তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে খুব একটা অগ্রসর হতে পারেননি। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তদন্তে কিছুটা গতি আসে। ২০০৬ সালের নভেম্বরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অন্য অনেক ঘটনার সঙ্গে পল্টনের বোমা হামলায়ও জড়িত থাকার কথা বলেছেন।
অভিযোগপত্র থেকে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা আবদুস সালাম, হাফেজ আবু তাহের, মুফতি মনির উদ্দিন, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল, নারায়ণগঞ্জের শাহাদাত হোসেন জুয়েল, ভারতীয় জঙ্গি ও লস্কর-ই তাইয়েবার নেতা মাওলানা ওবায়দুল্লাহ, মনসুর আলী এবং রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশার আরিফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগপত্রে বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মুফতি হান্নান, মাওলানা সাব্বির আহমেদ ও জাহাঙ্গীর আলমকে উল্লেখ করা হয়েছে। বোমা হামলায় অংশ নেন রফিকুল ইসলাম ও মশিউর রহমান।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মুফতি আবদুল হান্নান, মুফতি মাঈনুদ্দিন শেখ, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান, মশিউর রহমান ও আরিফ হাসান সুমন কারাগারে আটক আছেন। পলাতক আসামিরা হলেন: আবদুল হাই, শফিকুর রহমান, নুর ইসলাম, জাহাঙ্গীর আলম, মুহিবুল্লাহ মুত্তাকিন, আনিসুল ইসলাম ওরফে মুরসালিন ও রফিকুল ইসলাম ওরফে মিরাজ। ভারতের তিহার কারাগারে আটক আছেন দুই বাংলাদেশি সহোদর জঙ্গি মুরসালিন ও মুত্তাকিন। এই দুজন ২১ আগস্ট গ্রেনেড হামলারও আসামি।
২০০১ সালে ২০ জানুয়ারি পল্টনে সিপিবির জনসভায় এ বোমা হামলায় সিপিবির পাঁচ নেতা-কর্মী নিহত হন। তাঁরা হলেন: সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাসেম, মুক্তার হোসেন ও বিপ্রদাস। আহত ছিলেন আরও অর্ধশতাধিক। এ ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলা করেন। আর গত বছরের ২৭ নভেম্বর তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে সিআইডির পরিদর্শক মৃণাল কান্তি সাহা হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেন।