মুফতি হান্নানসহ ১৩ জঙ্গির বিরুদ্ধে আরেক মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৩ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে ওই ঘটনায় করা আরেকটি মামলার বিচারকাজ শুরু হলো।
ঢাকার তৃতীয় মহানগর দায়রা জজ ইমরুল কায়েস গতকাল বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠন করে আগামী ২৩ অক্টোবর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। অভিযোগ গঠনের আগে কারাগারে আটক মুফতি হান্নানসহ ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। একই ঘটনায় করা হত্যা মামলায় গত ২১ আগস্ট অভিযোগ গঠন করা হয়।
গত বছরের ২৭ নভেম্বর তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মুফতি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মুফতি হান্নান, মাওলানা সাব্বির আহমেদ ও জাহাঙ্গীর আলমকে উল্লেখ করা হয়েছে। বোমা হামলায় অংশ নেন রফিকুল ইসলাম ও মশিউর রহমান। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মুফতি হান্নান, মুফতি মাঈনুদ্দিন শেখ, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান, মশিউর রহমান ও আরিফ হাসান কারাগারে আটক আছেন।
পলাতক আসামিরা হলেন আবদুল হাই, শফিকুর রহমান, নুর ইসলাম, জাহাঙ্গীর আলম, মুহিবুল্লাহ মুত্তাকিন, আনিসুল ইসলাম ওরফে মুরসালিন ও রফিকুল ইসলাম ওরফে মিরাজ। ভারতের তিহার কারাগারে আটক আছেন দুই বাংলাদেশি সহোদর মুরসালিন ও মুত্তাকিন। এই দুজন ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলারও আসামি।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবির জনসভায় এ বোমা হামলায় সিপিবির পাঁচ নেতা-কর্মী নিহত হন। তাঁরা হলেন হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাসেম, মুক্তার হোসেন ও বিপ্রদাশ। আহত হন অর্ধশতাধিক নেতা-কর্মী।
এ ঘটনায় সিপিবির তত্কালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান মতিঝিল থানায় এ মামলা করেন। গত ২৭ নভেম্বর তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে সিআইডির পরিদর্শক মৃণাল কান্তি সাহা হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. সালাউদ্দিন।