মুফতি হান্নানসহ ৩ জঙ্গির প্রাণভিক্ষার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুজি নেতা মুফতি হান্নান
হুজি নেতা মুফতি হান্নান

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর দুই সহযোগী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন। গতকাল সোমবার তাঁরা লিখিতভাবে এ আবেদন করেন বলে নিশ্চিত করেছেন কারাগারের কর্মকর্তারা।
কারা সূত্র বলেছে, আবেদনে মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন ওরফে রিপন দাবি করেছেন যে তিনি জঙ্গিবাদে জড়িত নন। তবে মুফতি হান্নান ও তাঁর আরেক সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল আবেদনে কী লিখেছেন, তা জানা যায়নি।
গত বুধবার এই তিনজনকে তাঁদের রিভিউ খারিজের রায় ও মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়। তাঁরা সবাই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। সে অনুযায়ী তিনজনকেই সাদা কাগজ ও কলম সরবরাহ করে কারা কর্তৃপক্ষ।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নান ও শাহেদুল গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে আছেন। কারাগারটির জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী মৃত্যুপরোয়ানা পড়ে শোনানোর সাত দিনের মধ্যে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করতে হয়। ছয় দিনের মাথায় গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মুফতি হান্নান ও সন্ধ্যা সাতটার দিকে শাহেদুল লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা দেলোয়ার দুপুরে আবেদন করেন। ওই কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ছগির মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কারা কর্তৃপক্ষ দেলোয়ারের আবেদনপত্রটি হাতে পেয়েছে। আবেদনপত্রটি বিধি অনুযায়ী রাষ্ট্রপতি বরাবর পাঠানো হবে।
কারা সূত্র বলেছে, প্রাণভিক্ষার আবেদনে দেলোয়ার দাবি করেছেন, তিনি জঙ্গি নন এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রধান ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় পুলিশের ২ কর্মকর্তাসহ ৩ জন নিহত, আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল, দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সিলেটের দ্রুত বিচার আদালত।
গত বছরের ১১ ফেব্রুয়ারি ওই রায় বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের আপিল গত ৭ ডিসেম্বর খারিজ করেন আপিল বিভাগ। ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে ২৩ ফেব্রুয়ারি আসামিরা রিভিউ আবেদন করেন। ১৯ মার্চ ওই আবেদন খারিজ হয়। ২১ মার্চ রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।