মুফতি হান্নানের পরিকল্পনায় সাত বছরে ১৩ হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) জঙ্গিরা দেশে সাত বছরে অন্তত ১৩টি নাশকতামূলক ঘটনা ঘটায়। এসব ঘটনায় নিহত হয়েছে ১০৮ জন। আহত হয়েছে প্রায় ৭০০ জন।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজি-বির অন্যতম শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় এসব বোমা ও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তিনি ২০০৬ সালের ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দিয়ে ১২টি হামলা এবং ২০০৭ সালের ১ নভেম্বর দ্বিতীয় দফায় আদালতে জবানবিন্দ দিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার দায় স্বীকার করেন।
মুফতি হান্নানের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়৷ তাঁর জবানবন্দি থেকে জানা যায়, তিনি প্রথমে গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসায় ও বরিশালের শর্ষিনা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। এরপর ভারতের দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। সেখানে দাওরা হাদিস অধ্যয়নকালে ১৯৮৭ সালে ওই দেশের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক শিক্ষায় স্নাতকোত্তর পাস করেন। এরপর দেশে ফেরেন।
পরের বছর ১৯৮৮ সালে পুনরায় লেখাপড়া করার জন্য পাকিস্তানে যান মুফতি হান্নান। সে দেশে করাচির জামিয়া ইউসুফ বিন নূরিয়া মাদ্রাসায় ফিকাহশাস্ত্রে ভর্তি হন৷ সেখান থেকে তিনি সীমান্তবর্তী খোস্ত শহরে মুজাহিদ ক্যাম্পে প্রশিক্ষণ এবং আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। যুদ্ধে আহত হয়ে তিনি পেশোয়ারে কুয়েত আল-হেলাল হাসপাতালে ১০ মাস চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি করাচির ওই মাদ্রাসায় ফিরে লেখাপড়া শেষ করেন এবং ১৯৯৩ সালে দেশে ফেরেন৷
অবশ্য এর আগেই আফগান-ফেরত এদেশীয় মুজাহিদরা দেশে ফিরে হুজি-বি গঠন করেন। মুফতি হান্নান দেশে ফেরার পরের বছর ১৯৯৪ সালে হুজি-বিতে যোগ দেন। প্রথমে তিনি কোটালীপাড়া উপজেলার থানা প্রচার সম্পাদকের দায়িত্ব পান। এরপর এ দেশে তাঁর জঙ্গি তৎপরতা শুরু হয়। সাংগঠনিক দক্ষতায় অল্প দিনের মধ্যে তিনি হুজি-বির অন্যতম শীর্ষ নেতৃত্বে চলে আসেন।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মধ্য দিয়ে এ দেশে গোপন জঙ্গি সংগঠন হুজি-বির নাশকতা শুরু হয়। হুজি-বির কেন্দ্রীয় মজলিশে শুরার সিদ্ধান্তের পর মুফতি হান্নান ও মুফতি আবদুর রউফের পরিকল্পনা ও নির্দেশনায় এ হামলা হয়। এতে ১০ জন নিহত ও ১৫০ জন আহত হয়।
তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এ ঘটনায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা হয়। ফলে জঙ্গিদের বিষয়টি তখন আড়ালেই থেকে যায়। এরপর একই বছরের ৮ অক্টোবর খুলনা শহরের আহমদিয়া মসজিদে বোমা হামলা হয়। তাতে আটজন নিহত হন।
২০০০ সালের জুলাইয়ে কোটালীপাড়ার কলেজ ময়দানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের কাছাকাছি ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে প্রথম আলোচনায় আসেন মুফতি হান্নান ও তাঁর দল। এর পর থেকে তিনি আত্মগোপনে থেকে তৎপরতা চালান।
২০০১ সালে ঢাকায় সিপিবির সমাবেশে, রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানসহ ছয়টি বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট সবচেয়ে বড় নাশকতা চালায় ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে। এতে আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ শতাধিক।
এ ঘটনার আগে ওই বছরের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (র.)-এ মাজারে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর এবং ৭ আগস্ট সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলা চালান মুফতি হান্নানের সহযোগীরা৷ হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় সর্বশেষ নাশকতার ঘটনা ঘটে ২০০৫ সালের ২৭ জানুয়ারি। ওই দিন হবিগঞ্জে এক সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করে জঙ্গিরা।
২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডার আনন্দনগরের বাসা থেকে মুফতি হান্নানকে গ্রেপ্তার করে র্যাব। পরের বছর নভেম্বরে ও ২০০৭ সালে দুই দফায় আদালতে জবানবিন্দ দিয়ে তিনি এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দেন।