মুফতি হান্নানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুন্সির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালত গতকাল বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন। সকাল ১০টার দিকে হান্নানকে ওই আদালতে হাজির করা হয়।এরপর বেলা ১১টার দিকে অন্য আরও ছয় জঙ্গির সঙ্গে মুফতি হান্নানকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় হাজির করা হয়। তবে সাক্ষী না আসায় আদালত ২১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ সময় আদালত চত্বরে কঠোর নিরাপত্তাবলয় সৃষ্টি করে পুলিশ ও র্যাব সদস্যরা। বানিয়ারচর গির্জায় বোমা হামলা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির গোপালগঞ্জ কার্যালয়ের পরিদর্শক শেখ মোহাম্মদ আকতারুজ্জামান প্রথম আলোকে জানান, এর আগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মুফতি হান্নানকে একবার রিমান্ডে নেওয়া হয়েছিল। হত্যা মামলায় এই প্রথমবারের মতো তাঁর রিমান্ড মঞ্জুর হলো। প্রসঙ্গত, ২০০১ সালের ৩ জুন বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলায় ১০ জন নিহত ও অর্ধশত আহত হয়। ওই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যার ঘটনায় দুটি মামলা করা হয়। দুটি মামলাই তদন্ত করছে সিআইডি। অপর দিকে ২০০০ সালে কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে জনসভায় যোগ দেওয়ার পথে শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যার চেষ্টা করে মুফতি হান্নান ও তাঁর সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা। এ ঘটনায় করা মামলার শুনানি চলছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।মুফতি হান্নানের ভাগনে অস্ত্রসহ গ্রেপ্তার: গত বুধবার রাতে কোটালীপাড়া উপজেলার মটবাড়ী গ্রামের বাড়ি থেকে মুফতি হান্নানের ভাগনে আমিন উর রহমান আমিনকে (২৭) পিস্তল ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আমিনের বাসা থেকে তাঁর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার ও মাদক পরিবহনে ব্যবহূত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন ইমরান উর রহমান, শিমুল তাজ, বরকত আলী, হায়দার আলী শেখ ও বিপুল অধিকারী। তাঁদের বাড়ি কোটালীপাড়া, মাদারীপুরের রাজৈর ও যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। দুপুরে তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে ডিবি। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আমিন মুফতি হান্নানের ফুফাতো ভাইয়ের ছেলে বলে পুলিশ জানিয়েছে।