মুফতি হান্নানের ফাঁসিতে 'ক্ষত শুকিয়েছে' তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ মে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার সময় সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে ছিলেন সিলেটের সংবাদকর্মী রহমত আলী। হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে হামলার ওই ঘটনায় অন্যদের সঙ্গে তিনিও আহত হয়েছিলেন। শরীরে এখনো বয়ে বেড়াচ্ছেন স্প্লিন্টারের ক্ষত।
শরীরে ক্ষত থাকলেও রহমত আলীর মনের ক্ষত অবশ্য অনেকটাই শুকিয়েছে। তাঁর মতোই মনের ক্ষত শুকিয়েছে আহত অন্য ব্যক্তি ও তাঁদের পরিবারের স্বজনদেরও। ওই হামলার ঘটনায় মুফতি হান্নান ও তাঁর সহযোগীদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হওয়ায় তাঁরা এখন মানসিক স্বস্তিতে।
সে কথাই বলছিলেন রহমত আলী, ‘সেই ভয়াবহ দৃশ্য এখনো চোখে ভাসে। মূল অপরাধী ধরা না পড়া ও বিচার বিলম্বিত হওয়া নিয়ে শরীরের মতো মনেও একধরনের ক্ষত ছিল। রায় কার্যকর হওয়ায় সেই ক্ষত কাটল। এ বিচার অবশ্যই দৃষ্টান্ত হয়ে রইবে।’
আনোয়ার চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত। ২০০৪ সালের ২১ মে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে আসছেন শুনে দরগাহ জামে মসজিদে সেদিন মুসল্লিও ছিলেন অনেক বেশি। আনোয়ার চৌধুরীকে কাছ থেকে দেখার আগ্রহ ছিল অনেকের। জুমার নামাজ শেষে মাজার জিয়ারত করে বের হওয়ার মুহূর্তে দরগাহের প্রধান ফটকের কাছে তাঁকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়। তাতে এক পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরী, সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি আবদুল হাই খান (প্রয়াত), স্থানীয় সাংবাদিক মুহিবুর রহমান, রহমত আলীসহ ৭০ জন আহত হন।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত সিলেটের সাংবাদিক মুহিবুর রহমান পেশায় একজন আইনজীবীও। হামলার ঘটনার মামলায় নিম্ন আদালতে সাক্ষ্যও দিয়েছেন তিনি। বলেন, ‘শরীরে এখনো স্প্লিন্টার আছে। এত বড় ঘটনা, কিন্তু বিচার দীর্ঘ হওয়ায় শরীরের চেয়ে মনের যন্ত্রণা বেশি ছিল। এ যন্ত্রণার অবসান হলো এখন।’