মুফতি হান্নানের বক্তব্যের তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানের বক্তব্যের সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। কোনো কোনো নেতার মতে, আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মুফতি হান্নান ওই বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি মুফতি হান্নানকে গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে আনা হয়। আদালতের বারান্দায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ওই ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি বলির পাঁঠা হয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও দলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সব জানেন। তবে বিকেলে আওয়ামী লীগের ওই দুই নেতা গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে মুফতি হান্নানের অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে জানতে চাইলে গতকাল শুক্রবার বাণিজ্যমন্ত্রী ও কাশিয়ানী-মুকসুদপুর আসনের সাংসদ ফারুক খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মুফতি হান্নান বাঁচার জন্য অনেক কিছুই বলতে পারেন। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় এটি নিষ্পত্তি হওয়া উচিত। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়া জানান, আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মুফতি হান্নান এমন বক্তব্য দিয়েছেন।