স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির বরাবর পাঠানো হয়েছে। যেকোনো সময় সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারে। এলেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিষয়টি এখন রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
কারা সূত্র অনুযায়ী, ওই মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জঙ্গিনেতা মুফতি হান্নান ও তাঁর দুই সহযোগী গত সোমবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন। বাকি দুজন হলেন দেলোয়ার হোসেন ওরফে রিপন ও আরেক সহযোগী শরীফ শাহেদুল আলম। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নান ও শাহেদুল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে আছেন।