মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর সময়ের ব্যাপার: অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে মুফতি হান্নানসহ এই তিন জঙ্গির ফাঁসির রায় কার্যকর করতে আর কোনো বাধা রইল না। ফাঁসি কার্যকর করা সময়ের ব্যাপার। অবশ্য মুফতি হান্নানের আইনজীবী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেছেন, ‘রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করবেন মুফতি হান্নান।’ নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিপক্ষ আপিল বিভাগে রিভিউ আবেদন করতে পারবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাইকোর্ট হয়ে বিচারিক আদালতে যাবে। বিচারিক আদালত থেকে আসামিদের নামে মৃত্যু পরোয়ানা জারি করা হবে। পরে জেলখানায় তাঁদের মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হবে। তাঁরা যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করেন, তাহলে ফাঁসির রায় কার্যকর করা যাবে যেকোনো সময়।
গত ৭ ডিসেম্বর এই মামলায় মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ। ৬৫ পৃষ্ঠা-সংবলিত রায়টি বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মুফতি হান্নান ছাড়া মামলার অপর দুই আসামি হলেন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজি-বি) সদস্য শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। একই মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয় বিচারিক আদালতে, যা হাইকোর্ট বহাল রাখেন। তাঁরা হলেন মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি ও মুফতি মঈনউদ্দিন ওরফে আবু জান্দাল। এই দুজন বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেননি।
এক যুগ আগে ২০০৪ সালের ২১ মে ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। এ সময় তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন। হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক কামাল উদ্দিনসহ তিনজন নিহত হন। আনোয়ার চৌধুরী, সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি প্রয়াত আবদুল হাই খান, স্থানীয় সাংবাদিক মহিবুর রহমানসহ ৭০ জন আহত হন। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মো. আফজাল মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন) হাইকোর্টে শুনানির জন্য আসে। গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। এতে বিচারিক আদালতে দেওয়া দণ্ড বহাল থাকে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ড বহাল থাকা তিন আসামির মধ্যে হান্নান ও শাহেদুল আপিল করেন।