মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকরে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুফতি হান্নান
মুফতি হান্নান

বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে মুফতি হান্নানসহ এই তিন জঙ্গির ফাঁসির রায় কার্যকর করতে আর কোনো বাধা রইল না।
অবশ্য মুফতি হান্নানের আইনজীবী মোহাম্মদ আলী বলেছেন, ‘রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন মুফতি হান্নান।’ নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিপক্ষ আপিল বিভাগে রিভিউ আবেদন করতে পারবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাইকোর্ট হয়ে বিচারিক আদালতে যাবে। বিচারিক আদালত থেকে আসামিদের নামে মৃত্যুর পরোয়ানা জারি করা হবে। পরে জেলখানায় মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে ফাঁসির রায় কার্যকর করা যাবে যেকোনো সময়।
৭ ডিসেম্বর এই মামলায় মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ। ৬৫ পৃষ্ঠাসংবলিত রায়টি গতকাল বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মুফতি হান্নান ছাড়া মামলার অপর দুই আসামি হলেন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) সদস্য শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। একই মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয় বিচারিক আদালতে, যা হাইকোর্ট বহাল রাখেন। তাঁরা হলেন মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি ও মুফতি মঈনউদ্দিন ওরফে আবু জান্দাল। এই দুজন বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেননি।
২০০৪ সালের ২১ মে ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। এ সময় তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন। হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক কামাল উদ্দিনসহ তিনজন নিহত হন। আনোয়ার চৌধুরীসহ আহত হন ৭০ জন।