মুফতি হান্নানের সাবান কারখানার প্লটের বরাদ্দ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষস্থানীয় নেতা মুফতি হান্নানের ‘সোনার বাংলা ক্যামিক্যালস’ সাবান কারখানার প্লটের বরাদ্দ বাতিল করেছে গোপালগঞ্জ বিসিক শিল্পনগর। ২০০০ সালে সংগঠনটি ওই সাবান কারখানার আড়ালে তত্কালীন প্রধানমন্ত্রীকে হত্যার মাধ্যমে দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের ষড়যন্ত্র করে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি শিল্পনগরের ভূমি বরাদ্দ কমিটির এক সভায় প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। গোপালগঞ্জ বিসিক শিল্পনগরের সম্প্রসারণ কর্মকর্তা এস এম এবাদুল হক জানান, ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি ওই কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার মুফতি হান্নানের ছোট ভাই তত্কালীন কথিত ছাত্রলীগের নেতা মুন্সি আনিসুল ইসলামের নামে শিল্পনগরের ৭ নম্বর প্লটে চার হাজার ৫০০ বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়। সেখানে তাঁরা অননুমোদিতভাবে একটি স্থাপনা নির্মাণ করেন। অভিযোগ রয়েছে, ২০০০ সালের জুলাই মাসে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কোটালীপাড়ায় জনসভায় যোগ দেওয়ার প্রাক্কালে একযোগে বোমা হামলা চালিয়ে তাঁদের হত্যা করার ষড়যন্ত্র করেন মুফতি হান্নান ও তাঁর সহযোগীরা। ওই সাবান কারখানা থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য কোটালীপাড়ায় নেওয়া ৭৬ কেজি ওজনের বোমা দুটি ওই সাবান কারখানায় তৈরি হয় বলে জানা যায়। এ ব্যাপারে করা মামলা বর্তমানে গোপালগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন। এস এম এবাদুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিধিমোতাবেক ওই প্লটে মুফতি হান্নানের কারখানার বরাদ্দ বাতিল করে একটি শিল্প কারখানার উদ্যোক্তার নামে বরাদ্দ দেওয়া হয়েছে।