মুফতি হারুন তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গত ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় করা তিন মামলায় মুফতি হারুন ইজাহারকে পাঁচ দিন করে ১৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এই আদেশ দেন।
হারুন নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ছেলে। চট্টগ্রামের লালখান বাজারে মুফতি ইজাহারের পরিচালিত মাদ্রাসায় সম্প্রতি বিস্ফোরণের ঘটনায় হারুনকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়। হারুনও ওই মাদ্রাসার শিক্ষক।
৫ মের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হওয়া দুটি করে মোট চারটি মামলায় মুফতি হারুনকে গ্রেপ্তার দেখিয়ে প্রতিটি মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মুফতি হারুনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন ও মোহাম্মদ নুরুজ্জামান জানান, গত ১৩ অক্টোবর তাঁকে এ মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়। ২৫ অক্টোবর তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়। গতকাল মুফতি হারুনের উপস্থিতিতে শুনানি শেষে আদালত তিন মামলায় মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁর জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করেন। ৫ মে শাপলা চত্বর ও এর আশপাশে সহিংসতার ঘটনায় রাজধানীর পাঁচ থানায় ২০টি মামলা করে পুলিশ।