মুমূর্ষু প্রসূতির চেয়ে স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকল বড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুমূর্ষু প্রসূতি ফাহিমা আক্তারকে গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। তাঁকে নেওয়ার জন্য প্রয়োজন ছিল অ্যাম্বুলেন্সের। হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সও ছিল। কিন্তু প্রসূতি ফাহিমা অ্যাম্বুলেন্সটি পাননি। সেটি ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর প্রটোকলে।জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা পরিষদের ডাকবাংলোয় গতকাল স্থানীয় সাংসদ মুরাদ হাসানের বাবা আওয়ামী লীগের নেতা মতিয়র রহমান তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত চলে ওই অনুষ্ঠান।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তি জেলার কোথাও এলে সাধারণত তাঁর প্রটোকলে চিকিৎসা দল রাখা হয় না। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা আসবেন বলে জেলার চিকিৎসা কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা দল গঠন করেন। প্রসূতি ফাহিমার স্বামী শফিকুল ইসলাম জানান, তাঁর স্ত্রীকে গত বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসকেরা ফাহিমার দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব এবং নবজাতকের জরুরি উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি পেতে গতকাল সকাল ছয়টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ ওয়াহাবের কাছে যান তিনি। এম এ ওয়াহাব তাঁকে জানান, স্বাস্থ্য উপদেষ্টা আসবেন, অ্যাম্বুলেন্স দেওয়া যাবে না। শফিকুল জানান, অ্যাম্বুলেন্সের জন্য তিনি বেলা ১১টা পর্যন্ত এম এ ওয়াহাবের কার্যালয়ের সামনে বসে ছিলেন। তাঁকে অনেক অনুরোধ করেন। কিন্তু তিনি সাড়া দেননি। পরে স্ত্রী ও অনাগত সন্তানের জীবনের কথা চিন্তা করে জামালপুর সদর থেকে মাইক্রোবাস ভাড়া করে সরিষাবাড়ী আনেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ফাহিমাকে নিয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহাব প্রথম আলোকে বলেন, ‘ওই রোগী মুমূর্ষু ছিলেন—এ কথা ঠিক। তাঁকে অ্যাম্বুলেন্স দেওয়া উচিত ছিল। কিন্তু বিষয়টি আমার কোনো নিয়ন্ত্রণে ছিল না। ওটা সিভিল সার্জনের নিয়ন্ত্রণে ছিল।’ ওয়াহাব আবার দাবি করেন, ‘আমাদের অ্যাম্বুলেন্সের চালক যুবায়েদুল ইসলাম গুরুতর অসুস্থ। পরে সিভিল সার্জন জামালপুর জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আবদুল আজিজকে নিয়ে আসেন। পরে স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকলে গঠিত চিকিৎসা দল ওই অ্যাম্বুলেন্স ব্যবহার করে।’সিভিল সার্জন আবদুল হাকিম বলেন, ‘প্রসূতি রোগীর জন্য অ্যাম্বুলেন্স দেওয়া খুবই জরুরি ছিল। কিন্তু রোগীর অবস্থা এতটা সংকটজনক তা আমাকে জানানো হয়নি।’ আবার তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকলের চিকিৎসা দলটিও অনেক গুরুত্বপূর্ণ ছিল। জেলা প্রশাসক সিরাজউদ্দিন আহমেদ বলেন, ‘মন্ত্রী পদমর্যাদায় কেউ এলে আমরা সাধারণত চিকিৎসা দল রাখি না। শুনেছি, স্বাস্থ্য উপদেষ্টার একজন নিরাপত্তাকর্মী অসুস্থ হয়েছিলেন। এ কারণে চিকিৎসা দল রাখা হয়েছিল।’