মুম্বাই যেতে রাজি না হওয়ায় নির্যাতন
নড়াইলে দ্বিতীয় দফায় মুম্বাই যেতে রাজি না হওয়ায় এক গৃহবধূকে তাঁর স্বামী হাত-পা বেঁধে নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।
ওই গৃহবধূর মা অভিযোগ করেন, সাত বছর আগে সদর উপজেলার মহারাগ গ্রামের সাহেব আলীর (৩৫) সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর সাহেব আলী তাঁর মেয়েকে নিয়ে মুম্বাই চলে যান। ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামী কোনো কাজ করেন না। মা ও বোনদের আয়-রোজগারে স্বামীর সংসার চলত। গরিব মা-বাবার কথা ভেবে মুখ বুজে সব সহ্য করেছি। দুই বছর পর চাকরির কথা বলে স্বামী মুম্বাই নিয়ে যান। তখন ছয় বছর বয়সী ছেলেকে শাশুড়ির কাছে রেখে যেতে হয়। সেখানে আমার চার ননদও থাকেন। সেখানে নিয়ে আমাকে দিয়ে অনৈতিক কাজ করানো হতো। অসহ্য যন্ত্রণা দিয়ে সেখানে নয় মাস কাটানোর পর ছেলের কথা বলে দেশে চলে আসি। এর মধ্যে আমার দুই ননদ দেশে আসেন। আমার ননদেরা আমাকে নিয়ে যেতে দুই মাস আগে বাড়িতে দালাল পাঠান।’
ওই গৃহবধূ অভিযোগ করেন, দালালের সঙ্গে মুম্বাই যেতে রাজি না হওয়ায় সাহেব আলী ও শাশুড়ি রিজিয়া বেগম ১ এপ্রিল থেকে তাঁর ওপর নির্যাতন চালাতে থাকেন। এক প্রতিবেশী বলেন, ‘২ এপ্রিল দড়ি দিয়ে দুই হাত ও দুই পা খাটের সঙ্গে বেঁধে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন সাহেব আলী। এ অবস্থায় আমি দৌড়ে ঠেকাতে গেলে আমার দিকে তেড়ে আসেন সাহেব আলী। মারতে মারতে ওই গৃহবধূ যখন অচেতন হয়ে পড়েন, তখন নির্যাতন বন্ধ হয়। নির্যাতনের দৃশ্য তাঁর ছেলে মুঠোফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করে রেখেছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, ২ এপ্রিল খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সাহেব আলী ও তাঁর মাকে আটক করে এবং ওই গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সদর থানার উপপরিদর্শক তৌহিদুর রহমান জানান, ওই গৃহবধূকে সদর হাসপাতলে ভর্তি করা হয় এবং সাহেব আলী ও তাঁর মা রিজিয়া বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
১৫ এপ্রিল ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাছুম ভূঞা তাঁর কার্যালয়ে অভিযোগকারীদের ডেকে আনেন। মাছুম ভূঞা বলেন, সাহেব আলীর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মুঠোফোনের ভিডিও ফুটেজ জব্দ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।