মুম্বাইয়ে পাচারকালে পশ্চিমবঙ্গে বাংলাদেশি তিন তরুণী উদ্ধার
বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের মুম্বাইয়ে পাচারকালে গত শনিবার তিন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন দালালকে গ্রেপ্তার করা হয়। চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে পাচার করা হচ্ছিল বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানায়।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন: শেখ বাবু, মনিরুল সরদার ও মুন্নাভাই। মনিরুলের বাড়ি পশ্চিমবঙ্গের বসিরহাটে। শেখ বাবুর বাড়ি বাংলাদেশে এবং মুন্নাভাইয়ের বাড়ি গুজরাটের আহমেদাবাদে। পশ্চিমবঙ্গের ডিআইজি (সিআইডি) বিনীত গোয়েল জানান, গত ১৪ জানুয়ারি মুম্বাই মেল ট্রেনে পাচার করার সময় বাংলাদেশি এক তরুণীকে হাওড়ার অদূরে রামরাজাতলা স্টেশন থেকে উদ্ধার করা হয়। এ সময় আসগর নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। ওই তরুণীর তথ্যমতে, সিআইডি পুলিশ শনিবার শালিমার স্টেশনে ওত পেতে থাকে। দালালেরা বাংলাদেশের তিন তরুণীকে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁদের উদ্ধার এবং তিন দালালকে গ্রেপ্তার করা হয়।