মুযাফ্ফরের মুক্তি চাইল আহলে হাদীছ যুবসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হওয়া মুযাফ্‌ফর বিন মুহসিনের মুক্তির দাবি করেছে বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ।

গতকাল সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুর রশীদ আখতার ও সাধারণ সম্পাদক আরীফুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি করে বলেন, মুযাফ্‌ফর আহলে হাদীছ যুবসংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য।

মুযাফ্‌ফর বিন মুহসিনকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে ডিবি গত রোববার গ্রেপ্তার করে। ডিবি গণমাধ্যমকে জানায়, মোযাফ্‌ফর উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তাত্ত্বিক নেতা।

আহলে হাদীছ যুবসংঘের বিবৃতিতে দাবি করা হয়, কথিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে মুযাফ্‌ফর বিন মুহসিনের কোনো সম্পর্ক নেই। ফারুকী হত্যার সঙ্গেও তাঁর দূরতম সংশ্লিষ্টতা নেই। ষড়যন্ত্রমূলকভাবে গত শুক্রবার বাদ জুমা ঢাকার মোহাম্মদপুর আল-আমীন জামে মসজিদ থেকে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নিয়ে যায় ডিবি। দুই দিন পর মিথ্যা অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।