মুরগি, ডিম ও লবণের দাম বেড়েছে, কমেছে সবজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্ম ও বর্ষাকালীন সবজির আগমনে বাজারের উত্তাপ অনেকটাই কমে এসেছে। সরবরাহ বাড়ার কারণে গত কিছুদিনের চেয়ে কম দামে তরিতরকারি কিনতে পারছে মানুষ। তবে হু হু করে বাড়ছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। ডিমের দামও চড়া। আর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের লবণের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা।রাজধানীর কয়েকটি বাজারের দোকান ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ব্র্যান্ডের লবণের দাম বেড়েছে তিন টাকা। গত সপ্তাহে নামকরা প্রতিষ্ঠানগুলোর এক কেজি ওজনের প্যাকেটজাত লবণ যেখানে বিক্রি হয় ২৯ থেকে ৩০ টাকায়, গতকাল শনিবার তা বিক্রি হতে দেখা গেছে ৩২ থেকে ৩৩ টাকায়।এদিকে গতকাল ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। বেড়েছে দেশি মুরগির দামও। আর এক কেজি ওজনের মুরগির দাম এখন ৩২০ থেকে ৩৪০ টাকা।ডিমের দাম এখনো বেশ চড়া। প্রায় দেড় মাস ধরে ৩৪ থেকে ৩৫ টাকায় ডিম বিক্রি হলেও শুক্রবার আরও বেশি দামে ডিম বিক্রি হয়েছে বলে জানান বিক্রেতারা। মুরগির বাচ্চা উৎপাদনকারী খামারিদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় প্রতিদিন দেড় থেকে দুই কোটি ডিমের চাহিদা রয়েছে। সারা দেশের চাহিদা হচ্ছে তিন কোটি। কিন্তু রাজধানীতে এখন ডিমের সরবরাহ নেমে এসেছে এক কোটিতে। অন্যদিকে রাজধানীতে প্রতিদিন ৩৫ থেকে ৪০ লাখ ব্রয়লার ও লেয়ার মুরগির চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ হচ্ছে। এ কারণেই দাম বাড়ছে। অন্যদিকে, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ টন কম লবণ উৎপাদিত হয়েছে। যদিও মিল মালিকেরা বলছেন, ঘাটতির পরিমাণ চার লাখ টন। সরবরাহ সংকটকে অজুহাত দেখিয়ে তাঁরা ইচ্ছেমতো বাড়িয়ে দিচ্ছেন লবণের দাম।সবজির দাম কমেছে: সরবরাহ বাড়ায় বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। কিছু সবজির দাম কমেছে অর্ধেকেরও বেশি।অন্যান্য: সয়াবিন তেলের দাম এখনো বেশি। এক লিটারের বোতলজাত সয়াবিনের দাম এখন ১৩৪ টাকা। বাজারে চালের দাম এখনো অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি মোটা চাল (স্বর্ণা, বিআর-২৮) ২৮ থেকে ৩৪, মিনিকেট ৪১ থেকে ৪২, নাজিরশাইল ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।ডালের দাম এখনো বেশি। বাজারে প্রতি কেজি খোলা আটা ২৮ থেকে ৩০ ও প্যাকেটজাত আটা ৩২ থেকে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। আর খোলা ময়দা ৩৭ থেকে ৩৮ ও প্যাকেটজাত ময়দা ৪৪ থেকে ৪৫ টাকা কেজি। চিনি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা কেজিতে।