মুরগি নিধন ডিম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় জয়পুরহাটের ক্ষেতলাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রায় চার হাজার মুরগি ও ১৪টি কবুতর নিধন করা হয়েছে। ধ্বংস করা হয়েছে প্রায় ১১ হাজার ডিম। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ক্ষেতলাল (জয়পুরহাট): উপজেলার ইটাখোলা বাজারের পাশে ভাসিলায় মোল্লা পোলট্রি ফার্মে গত মঙ্গলবার বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় ওই দিন ও পরদিন বুধবার নয় হাজার ৭৫৫টি ডিমপাড়া মুরগি ও ১০ হাজার ২৪০টি ডিম নিধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিল কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাকিম প্রমুখ। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): পৌর এলাকার আনোয়ার পোলট্রি ও জাইদুল ইসলামের মালিকানাধীন একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় মঙ্গলবার প্রায় আড়াই হাজার মুরগি নিধন করে মাটিচাপা দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেনাজুল হক জানান, উপজেলার অন্যান্য মুরগির খামারে বার্ড ফ্লুর সংক্রমণ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ: বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় গত সোমবার রাতে একটি খামারের ১৪৮টি মুরগি ও ১৪টি কবুতর নিধন করা হয়েছে। একই সঙ্গে ৪৪টি ডিমও বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন কবিরের নেতৃত্বে উপজেলা প্রানিসম্পদ বিভাগ এগুলো ধ্বংস করে। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা এটিই প্রথম।