মুরগি নিধনের এক বছরেও ক্ষতিপূরণ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের দুটি পোলট্রি খামারে বার্ড ফ্লুতে আক্রান্ত প্রায় নয় হাজার মুরগি নিধন করার এক বছরেও খামারমালিকেরা ক্ষতিপূরণের টাকা পাননি। খামারের মালিক ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের পারুলিয়া গ্রামের প্রান্তি পোলট্রি ফার্ম এবং পুরানাপৈল ইউনিয়নের ভাই ভাই পোলট্রি ফার্মের মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। এ কারণে দুটি খামারের আট হাজার ৮৬১টি মুরগি সরকারিভাবে নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয়। এ ব্যাপারে সরকারিভাবে খামারিদের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম থাকলেও ওই দুটি খামারের মালিকেরা এখনো ক্ষতিপূরণ পাননি। টাকার অভাবে তাঁরা খামার গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। প্রান্তি পোলট্রি ফার্মের মালিক মুজাহেদুল ইসলাম বলেন, গত বছরের ৬ মার্চ তাঁর খামারের পাঁচ হাজার ৮৮১টি মুরগি নিধন করা হয়। সরকারিভাবে মুরগিপ্রতি ১৫০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা আছে। কিন্তু ক্ষতিপূরণের টাকা এক বছরেও পাননি। তিনি আরও জানান, তাঁর খামারের ওপর ব্যাংকঋণ নেওয়া আছে। ব্যবসা না থাকায় তিনি ঋণ শোধ করতে পারছেন না।ভাই ভাই পোলট্রি ফার্মের মালিক মাহবুব আলম জানান, গত বছরের ১২ মার্চ তাঁর খামারে বার্ড ফ্লু দেখা দিলে সরকারিভাবে খামারের দুই হাজার ৯৮০টি মুরগি নিধন করা হয়। এক বছরেও তিনি ক্ষতিপূরণের টাকা পাননি। তিনি জানান, ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ঋণ শোধ করতে পারছেন না। ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোস্তম আলী জানান, ক্ষতিপূরণের টাকা না আসায় তা খামারমালিকদের দেওয়া সম্ভব হয়নি। বরাদ্দ পেলেই ক্ষতিপূরণের টাকা ওই দুই খামারিদের দেওয়া হবে।