মুরগি নিধনের নামে সরকারি টাকা লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি ও ডিম নিধনের নামে সরকারি টাকা লুটপাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। একশ্রেণীর খামারি ও প্রাণিসম্পদ বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে এই অসাধু তৎপরতা চলছে বলে জানা গেছে। বার্ড ফ্লুতে আক্রান্ত দেখিয়ে হাতেগোনা কিছু মুরগি নিধন করা হয়। পরে নিধন করা মুরগির সংখ্যা কয়েক গুণ বেশি দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় সরকার প্রদত্ত ক্ষতিপূরণের লাখ লাখ টাকা।জানা গেছে, উপজেলায় নিবন্ধন করা মুরগির খামার আছে ৮৪টি। এর মধ্যে ব্রয়লার মুরগির ৭৫টি ও লেয়ার মুরগির নয়টি খামার আছে। নিবন্ধন ছাড়াও রয়েছে ছোট-বড় অর্ধশত খামার। গত মাসে এক সপ্তাহের ব্যবধানে বার্ড ফ্লুতে আক্রান্ত দেখিয়ে প্রায় ১২ হাজার লেয়ার ও ব্রয়লার মুরগি নিধন করা হয়। বর্তমানে উপজেলার নিবন্ধন করা খামারে ৫২ হাজার ব্রয়লার এবং দুই হাজার লেয়ার মুরগি রয়েছে বলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে। প্রাণিসম্পদ বিভাগ সূত্র জানায়, বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগি নিধনের পর সরকার ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি লেয়ার মুরগির জন্য ২০০ টাকা, চার সপ্তাহের কম বয়সী ব্রয়লার মুরগির জন্য ১০০ টাকা, চার সপ্তাহের বেশি বয়সের জন্য ১৬০ টাকা, প্যারেন্টস মুরগির (আট সপ্তাহ বয়সী) জন্য ১৫০ টাকা, ৮ থেকে ২০ সপ্তাহ বয়সের জন্য ২২০ টাকা, ২০ সপ্তাহের বেশি বয়সের মুরগির জন্য ৩৫০ টাকা করে খামারমালিককে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যেসব কর্মচারী মুরগি নিধন করবেন তাঁরা মুরগিপ্রতি ৫০ পয়সা করে পাবেন। সরকারের এই উদ্যোগকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছেন একশ্রেণীর খামারি। প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের যোগসাজশে রাতের বেলা খামারে নিধন অভিযান চালানো হয়। এ সময় সেখানে এলাকাবাসী, সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদেরও ঘেঁষতে দেওয়া হয় না। সান্তাহারের পোঁওতা গ্রামের বাসিন্দা সেলিম বলেন, কয়েক দিন আগে তাঁদের গ্রামের ‘মা’ পোল্ট্রি খামারে মুরগি নিধন করা হয়। কাগজে-কলমে নিধন করা মুরগির সংখ্যা দেখানো হয় প্রায় আট হাজার। অথচ যে গর্তে মুরগিগুলো পুঁতে রাখা হয়েছে সেই গর্তে দুই হাজারের বেশি মুরগি রাখা সম্ভব নয়।’ খামারটির মালিক আজাদুর রহমান ভুট্টু জানান, তাঁর খামারে ১৫ হাজার লেয়ার ও ছয় হাজার ডিম ছিল। নিধনের আগে খামারের প্রায় আট হাজার মুরগি মারা যায়। সে মুরগি কোথায় পুঁতে রাখা হয়েছে—জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। সান্তাহার-নওগাঁ পোল্ট্রি খামারমালিক সমিতির সভাপতি আরিফুজ্জামান বলেন, ‘ভারতের ডিম ব্যবসাকে লাভবান করতে পোল্ট্রি ব্যবসা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ কারণে একশ্রেণীর খামারমালিক ও প্রাণিসম্পদ বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বার্ড ফ্লুর ভয় দেখিয়ে এ ব্যবসা ধ্বংস করছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক সান্তাহার শহরের এক খামারি অভিযোগ করেন, খামারিদের সঙ্গে প্রাণিসম্পদ বিভাগসহ মুরগি নিধন কমিটির সদস্যদের আঁতাত রয়েছে। তারা খামারের মুরগি বিক্রি করে দেওয়ার পর বার্ড ফ্লু নাটক সাজায়। গত ১৪ মার্চ রাতে ‘মা’ পোল্ট্রি খামারে মুরগি ও ডিম নিধনের পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, সান্তাহারসহ আদমদীঘির অন্য কোনো খামারে বার্ড ফ্লু নেই। এর মাত্র এক সপ্তাহের ব্যবধানে সান্তাহার শহরতলির ছাতনী গ্রামে অবস্থিত তৃপ্তি পোল্ট্রি খামারে বার্ড ফ্লু অভিযান চালানো হয়। নিধন দেখানো হয় প্রায় চার হাজার মুরগি। একরকম অসন্তোষ প্রকাশ করে মুরগি নিধন কমিটির সদস্য উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁকে যে নিধন কমিটিতে রাখা হয়েছে তা-ই তিনি জানেন না। তিনি অভিযোগ করেন, সান্তাহারের ‘মা’ পোল্ট্রি খামারের মালিক আজাদুর রহমান তাঁর ওপর রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করে বিল-ভাউচারে সই করিয়ে নিয়েছেন। এর জবাবে আজাদুর রহমান বলেন, ‘কমিটির অন্য সদস্যরা স্বাক্ষর করলেও সাইফুল সাহেব সই করেননি। এ কারণে আমার পরিচিত কয়েকজন লোক নিয়ে তাঁর কাছে গিয়েছিলাম এবং তাঁকে অনুরোধ করেছিলাম।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক দাবি করেন, সব রকম নিয়ম-নীতি অনুসরণ করে মুরগি নিধন করা হয়। গভীর রাতে মুরগি নিধনের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা থেকে নির্দেশ আসতে দেরি হওয়ার কারণে নিধনকাজ শুরু করতে রাত হয়ে যায়।’