মুরগির কেজি আবারও ১৮০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগির দাম অস্থিতিশীল ছিল আগেই। গত সপ্তাহে দাম কমে কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৭০-১৭৫ টাকায়। এ সপ্তাহে আবার কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকায়। মুরগির দাম বাড়ার এই মিছিলে এ সপ্তাহে যুক্ত হয়েছে সবজি, সয়াবিনসহ সব ধরনের ডালের দাম। গতকাল শনিবার চট্টগ্রামের চকবাজার এবং কাজীর দেউড়ি কাঁচাবাজারে এ চিত্র দেখা গেছে। মুরগি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে আবার আগের দরে ফিরে গেছে মুরগির দাম। আর দেশি মুরগি ৩০০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি মুরগির দাম ছিল কেজি প্রতি ২৭৫ টাকা। ডিমের দাম বাড়ার পর এখনো কমেনি। এ সপ্তাহেও ডজনপ্রতি ব্রয়লার মুরগির ডিমের দাম ১২০ টাকা, দেশি মুরগির ডিম ১৮০ টাকা এবং হাঁসের ডিম ১২০ টাকা। এ ছাড়া বেড়েছে গরুর মাংসের দাম।কাজীর দেউড়ি বাজারের মাংস বিক্রেতা মোহাম্মদ রফিক জানান, গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০ টাকা বেড়ে হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ২৮০ এবং হাড় ছাড়া বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। এদিকে সবজির বাজারে প্রতিটি সবজিতে বেড়েছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ১০ টাকা করে। চকবাজারের কাঁচাবাজারে গিয়ে জানা গেছে, কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এ ছাড়া বেগুন, ঢ্যাঁড়স, দেশি আলু, পটোল, চিচিঙা, মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। কাঁকরোল, বরবটি, লাউ, চিচিঙা, টমেটো ৪০ টাকা এবং কচুর লতি, পেঁপে, করলা, কচুর ছড়া, কচুর ফুল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। দাম বাড়ার কারণ জানতে চাইলে চকবাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ রিয়াজ বৃষ্টিতে সবজির সরবরাহ কম থাকাকে দায়ী করেন। বাজার ঘুরে দেখা যায়, লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। বেড়েছে মসুর, ছোলা, মটর, খেসারি, মুগ, মাষকলাইসহ বিভিন্ন ডালের দামও। সব ধরনের ডালের দাম কেজিপ্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা করে। বাজারে কেজিপ্রতি মসুর ও মুগ ডাল ১০৮ টাকা, ছোলা ৭৫ টাকা, খেসারি ৫০ টাকা, মটর ৫০ টাকা, ফেলন ৮০, মাষকলাই ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে সরবরাহ কম থাকায় আগের বাড়তি দামেই বিক্রেতারা বেচাবিক্রি করছেন।