মুরগির খাদ্যদ্রব্যের দাম বাড়ায় অধিকাংশ পোলট্রি খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় খাদ্য, ওষুধ, বাচ্চা ও পোলট্রি উপকরণের দাম বেড়ে যাওয়ায় পোলট্রি ব্যবসায় ধস নেমেছে। এরই মধ্যে উপজেলার প্রায় ৫০ ভাগ পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে।
উপজেলার সান্তাহার পৌরসভার খামারি আবদুল জব্বার, সিরাজুল ইসলাম প্রমুখ বলেন, লেয়ার মুরগির বাচ্চা, মুরগির খাবারসহ অন্যান্য উপকরণের মূল্য বাড়ায় উপজেলার সম্ভাবনাময় এ শিল্প লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁরা বলেন, দুই বছর আগেও একটি লেয়ার মুরগির বাচ্চার দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে সেই বাচ্চার দাম ৬০ থেকে ৭০ টাকা। একইভাবে ২০ থেকে ২৫ টাকা দামের একটি বয়লার মুরগির বাচ্চা ৭০-৭৫ টাকা ও সোনালী জাতের বাচ্চা ১৫ থেকে বেড়ে ৪৫ টাকা হয়েছে। তা ছাড়া পোলট্রি মুরগির খাবার রেডিফিট প্রতি কেজি ১২ থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, পোলট্রি খাদ্য তৈরির উপকরণ ভুট্টা ১২ থেকে ২৭ টাকা, সয়াবিন ২৬ থেকে বেড়ে ৫৫ টাকা ও মিটবোন মিল ৩২ থেকে বেড়ে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
আদমদীঘি উপজেলা ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল আলম মুরগির খাবারের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেন, গত বছর প্রতি বস্তা প্রোটিন মাল্টি সির (মুরগির খাবারের সঙ্গে ব্যবহার করা প্রোটিন) দাম ছিল ১৩০০ থেকে ১৫০০ টাকা। আর এ বছর তা বেড়ে হয়েছে ২ হাজার ৪০০ টাকা। মিথুইনাইনের দাম প্রতি বস্তা ২৫০০ থেকে বেড়ে ১২ হাজার টাকা হয়েছে। লাইসিনের দাম ছিল প্রতি বস্তা ৩ হাজার টাকা। বর্তমানে এর দাম ৭ হাজার টাকা। ঝিনুক প্রতি বস্তা ৩০০ টাকার পরিবর্তে এখন ৪০০ টাকা। এভাবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুরগির ডিম প্রতি হালি এখন ৩৪-৩৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুরগি ১৭০-১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্ষুদ্র ও মাঝারি পুঁজির পোলট্রি খামারি আবদুল কুদ্দুসসহ অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি কোনো নীতিমালা না থাকায় ভারতীয় ডিম, বাচ্চা ও ওষুধ এ দেশের বাজার অনেকটা দখল করে রখেছে। ফলে প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
আদমদীঘি উপজেলা ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদ রানী তৃপ্তি বলেন, উপজেলার প্রায় ৫০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে। আর বাকি ২০ ভাগ বন্ধ হওয়ার পথে। বেকার যুবকেরা ঋণ নিয়ে যে খামার করেছিলেন, এখন হঠাৎ করে খামারের মুরগির খাদ্যদ্রব্যের দাম বাড়ায় তা বন্ধ হয়ে গেছে।
আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, খাদ্য ও ওষুধের মূল্য বাড়ায় ক্ষুদ্র খামারিরা লোকসানের মুখে পড়েছেন। ফলে বর্তমানে এ উপজেলার অনেকেই খামার বন্ধ করে দিতে চাইলেও প্রাণিসম্পদ বিভাগের কর্মচারীরা মাঠপর্যায়ে তদারকি চালিয়ে ও পরামর্শ দিয়ে খামারিদের এ ব্যবসায় ধরে রাখার চেষ্টা করছেন।