মুরগির খামারে আগুন ১৫০০ বাচ্চা পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই খামারে থাকা এক হাজার ৫০০ মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে। গত শুক্রবার রাতে উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে খামার মালিক মিজানুর রহমানের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মিজানুর রহমান জানান, সাংসারিক কারণে পড়ালেখা করতে পারেননি তিনি। ২০০৬ সালে বাবার দেওয়া এক বিঘা জমি বন্ধক রেখে ও কিছু টাকা ধার নিয়ে তিনি একটি মুরগির খামার গড়ে তোলেন। তিন বছর মুরগি পালন করে বেশ আয় করেছেন তিনি। এ টাকা দিয়ে তিনি জমি ছাড়িয়েছেন। কিন্তু এখনো ধারের টাকা শোধ দিতে পারেননি। দুই মাস আগে তিনি ৭৫ হাজার টাকা খরচ করে খামারে এক হাজার ৫০০টি বাচ্চা তোলেন। মিজানুর রহমান আরও জানান, গত শুক্রবার গভীর রাতে কে বা কারা তাঁর খামারটিতে আগুন লাগিয়ে দেয়। এতে খামারে থাকা সব বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। মিজানুর রহমান জানান, তিন বছরের আয় থেকে বন্ধক দেওয়া জমি ফেরত নিয়েছেন, কিন্তু মানুষের কাছ থেকে ধার করা ৪০ হাজার টাকা এখনো শোধ করতে পারেননি। অগ্নিকাণ্ডে তাঁর তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মিজানুর রহমান আরও জানান, এ ব্যাপারে থানায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম দিতে হবে জানালে তিনি জিডি না করে ফিরে আসেন।