মুরগির খামারের দুর্গন্ধে শতাধিক পরিবার অতিষ্ঠ
মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর কৃষ্ণনগর গ্রামের আবদুর রহমান ব্যাপারীর পোলট্রি ফার্মের (মুরগি খামার) দুর্গন্ধে আশপাশের শতাধিক পরিবারের মানুষ অসহনীয় দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের আবদুর রহমান ব্যাপারী নিজ বাড়ির পাশে দুই শতাধিক লেয়ার (ডিম দেয়) মুরগির একটি খামার গড়েছেন। খামারটি নিজের জায়গায় হলেও এর বর্জ্য চারপাশের ডোবা-নালায় গিয়ে পড়ছে। জানা গেছে, প্রায় দুই বছর আগে খামারটি প্রতিষ্ঠার সময় প্রতিবেশীরা দুর্গন্ধ ছড়াবে বলে বাধা দিলেও আবদুর রহমান তাতে কর্ণপাত করেননি। প্রতিবেশী রাজন সরদার বলেন, ‘সারা দিন খেতে-খামারে কাম করি। খাওয়া-দাওয়া করতে বাড়ি আইলে গন্ধে থাকতারি না। রাইতে ঘুমানো আরও কঠিন।’ ইলিয়াছ হোসেন বলেন, ‘সারা দিন ভ্যান চালাই। বাইরে থাকি। বাড়ি আইলেই গন্ধে বমি আহে। ফার্মডা সরায়া করলে এত গন্ধ আইতো না। মাইনষের ক্ষতি কইরা এয়া কেমন ব্যবসা।’নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গৃহবধূ বলেন, ‘নিজের জায়গায় ফার্ম করছে মানলাম। তাই বইলা গন্ধে যে প্রতিবেশীগো সমস্যা হয়, এইডাও তো ভাবা উচিত।’খামারের মালিক আবদুর রহমান বলেন, ‘গন্ধ আগে আরও বেশি ছিল। এহন তো কমছে। এতে আমার করার কিছুই নাই। এতটুকু গন্ধ সব ফার্ম থিকাই আহে। আমি গন্ধ সইতে পারলে তারা পারব না কেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়াজ বলেন, ‘প্রতিবেশীরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’