মুরগির ঘরে হলো ঠাঁই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর তিনেক আগে সুদের ওপর ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন হরেন্দ্রনাথ কর্মকার। এরই মধ্যে ১২ হাজার টাকা পরিশোধ করেছেন। এখন আরও ২৬ হাজার টাকা দাবি করছেন মহাজন। টাকা দিতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। মহাজনের লোকজন এসে বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন। দুই মেয়েকে নিয়ে হরেন্দ্রর স্ত্রী গীতা রানী আশ্রয় নিয়েছেন নিজেদের মুরগির খামারে। আর রাতে ঘুমান প্রতিবেশীর বারান্দায়। ১৫-১৬ দিন ধরে এভাবেই বসবাস করছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের ওই পরিবারটি। জানা গেছে, হরেন্দ্রনাথ কামারের কাজ করে সংসার চালান। তাঁর সংসারে পাঁচ মেয়ে। বড় তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ঘরে আছে বাকপ্রতিবন্ধী মেয়ে শিখা ও নবম শ্রেণীতে পড়ুয়া টুম্পা। গীতা রানী জানান, বড় দুটি মেয়েকে কষ্ট করে বিয়ে দিয়েছেন। তিন বছর আগে সেজ মেয়ে সীমা কর্মকারের বিয়ে হয়। তখন পাশের সুন্দরপুর গ্রামের আবু বক্কারের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন তাঁর স্বামী। কথা ছিল বছরে ৮ হাজার টাকা দিতে হবে। সে অনুযায়ী সুদ হিসেবে ১২ হাজার টাকা দিয়েছেনও। এখন আবু বক্কার তাঁদের কাছে আরও ২৬ হাজার টাকা দাবি করছেন। এই টাকা না দেওয়ায় ১৬ দিন আগে তাঁদের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন। গীতা রানী আরও জানান, মারধরের ভয়ে তাঁর স্বামী বাড়ি আসছেন না। বাড়িতে দুটি কক্ষ ও একটি রান্নাঘর আছে। পাশেই ছোটখাটো একটি মুরগির খামার করেছিলেন। দিনের বেলা সেখানেই কাটান। বাইরে একটা চুলা করে নিয়েছেন। প্রতিবেশীদের কাছ থেকে চেয়েচিন্তে চাল-ডাল এনে সেখানেই রান্না করেন। আর রাতে দুই মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়ির বারান্দায় ঘুমান। গ্রামের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আবু বক্কার এলাকায় সুদের ব্যবসায়ী হিসেবে পরিচিত। অনেককে এভাবে টাকা দিয়ে তিনি নিঃস্ব করে ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত আবু বক্কার জানান, তিনি আগে সুদের কারবার করলেও এখন ছেড়ে দিয়েছেন। হরেন্দ্রনাথকে তিনি টাকা দেন বছরে ধান দেওয়ার কথা বলে। যদিও হরেন্দ্রনাথের কোন চাষযোগ্য জমি নেই। তিনি বলেন, ‘টাকা আদায় করার স্বার্থে বাড়িতে তালা ঝুলিয়েছি। টাকা দিলে খুলে দেব।’