মুরগির চাটনির সঙ্গে খাসির রোস্ট

মোরগ পোলাও, মুরগি মাসাল্লাম, চিকেন রোস্ট, টিক্কা—এসব তো পাওয়া যাবে ঢাকার অনেক রেস্তোরাঁয়। তবে মুরগির চাটনির স্বাদ আস্বাদন করতে হলে যেতে হবে পুরান ঢাকায়। দেশি মুরগির হাড় ছাড়া মাংসের এই বিশেষ পদটি রান্না হয় পুরান ঢাকার খ্যাতনামা ‘আল-রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’।
বংশালের (২৯/১ নর্থ সাউথ রোড) আল-রাজ্জাক হোটেলের নাম ঢাকার ভোজনরসিকদের কাছে সুপরিচিত। ফুলবাড়িয়া চৌরাস্তার মোড় পার হয়ে দক্ষিণ দিকে এগিয়ে গেলে বংশাল মোড়ের পশ্চিম পাশে চোখে পড়বে হোটেলটির বিশাল বড় সাইনবোর্ড। ভোর ছয়টায় দরজা খোলে। খাওয়াদাওয়ার পর্ব চলতে থাকে রাত ১২টা পর্যন্ত। ভেতরে বিশাল পরিসর। টেবিল ১১০টি। একসঙ্গে ৪৪০ জন খেতে বসতে পারেন। নারীরা পৃথকভাবে বসতে চাইলে সে জন্য আলাদা ব্যবস্থাও আছে।
আল-রাজ্জাকে সকালের নাশতা, দুপুর, বিকেল ও রাতের খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকা দীর্ঘ, তিন বেলায় শতাধিক। সকালে রুটি, নান, পরোটা তার সঙ্গে নেহারি, কলিজার ভুনা, মুরগির গিলা-কলিজা, লটপটি, খাসির মগজ ভুনা, ইত্যাদি। দাম পড়বে মোটামুটি ৫০ থেকে ২০০ টাকার মধ্যে।
দুপুরে ও রাতে ভাত, চিকেন, কাচ্চি বিরিয়ানি ও সাদা বিরিয়ানি, মুরগির ঝাল ফ্রাই, রোস্ট, মাসাল্লাম, খাসির নলি, চাপ, রেজালা, কালিয়া, কোর্মা ইত্যাদি। বিরিয়ানির দাম ১৫০ থেকে ১৭০ টাকা। এ ছাড়া আল-রাজ্জাকের চিকেন জেলি প্রতি বাটি ৩০০, চিকেন চাটনি ১৫০ টাকা। রোস্ট মাসাল্লাম ১৭০ টাকা। খাসির গ্লাসি ১৫০ টাকা। খাসির পায়ার রোস্ট বড় ৮০০ ও ছোট ৪০০ টাকা। এগুলো এই হোটেলের বিশেষ পদ। কাবাবের মধ্যে আছে জালি, শামি, বটি, ক্ষিতি ইত্যাদি।
যাঁরা সাদা ভাতের সঙ্গে ভর্তা, ডাল, সবজি আর মাছ খেতে পছন্দ করেন, তাঁদের জন্যও এখানে আছে হরেক রকমের পদ। সব সময়ই বেশ কয়েক রকমের মৌসুমি সবজি আর মাছের ভর্তা থাকে। বড় মাছের মধ্যে সাধারণত থাকে ইলিশ, রুই, রুপচাঁদা, বোয়াল, পাবদা, বাইম ও চিংড়ি। জনপ্রতি খরচ ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
আসছে পবিত্র মাহে রমজান। আল-রাজ্জাক হোটেলের ইফতারিও পুরান ঢাকায় বেশ জনপ্রিয়। তবে বেশ কয়েক বছর থেকে এই হোটেলে শেষ রাতের সেহ্রি অনেকটা উৎসবে পরিণত হয়েছে। কেবল পুরান ঢাকাই নয়, মহানগরের বিভিন্ন এলাকা থেকে রোজাদারেরা সপরিবার বা সবান্ধবে গাড়ি নিয়ে শেষ রাতে এখানে চলে আসেন সেহ্রির জন্য। হোটেলের ব্যবস্থাপক মিজানুর রহমান জানালেন, রমজান মাসে হোটেলটি বেলা দুইটা থেকে ফজরের আজান পর্যন্ত খোলা থাকে।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের এই হোটেলটি চালু হয়েছে ১৯৯৩ সালে। বংশালের হোসেন মোল্লা তাঁর বাবার নামে এই হোটেলটি প্রতিষ্ঠা করেন। হোসেন মোল্লাও আর নেই। তাঁর ভাগনে আলহাজ আবদুল হালিম জানালেন, তাঁরা পরিবারের সবাই মিলে হোটেলটি পরিচালনা করছেন। হোটেলের কলেবর বেড়েছে। তার সঙ্গে বেকারি, মিষ্টি ও আবাসিক হোটেল যুক্ত হয়েছে। এখন একসঙ্গে চারটি প্রতিষ্ঠান। আল-রাজ্জাকের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বললেন, এখানে কোনো বাসি খাবার বিক্রি হয় না। ব্রয়লার বা পাকিস্তানি কক নয়, প্রকৃতই দেশি মুরগি রান্না হয়। আর পুরান ঢাকার বিখ্যাত রেসিপি তো আছেই। স্বাদ বদলাতে চাইলে ভোজনরসিকেরা আসতেই পারেন।