মুরগির ডিমের দাম কমে যাওয়ায় শ্রীপুরে বিক্ষোভ
মুরগির ডিমের দাম কমে যাওয়ায় গাজীপুরের শ্রীপুরে কাফনের কাপড় পরে পোলট্রি ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লিবিদ্যুৎ মোড় এলাকায় ব্যবসায়ীরা মানববন্ধন করেন।
কর্মসূচি চলাকালে মুরগির বাচ্চা, পোলট্রি খাবার ও ওষুধের দাম হ্রাস, সহজ উপায়ে ভ্যাকসিন সরবরাহ এবং বহুজাতিক কোম্পানির ডিম ও মাংস উৎপাদন বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে খামারিরা বলেন, দেশের পোলট্রি শিল্পের একটি বড় ক্ষতির কারণ হলো ডিমের মূল্য অস্বাভাবিকভাবে কমে যাওয়া। সারা দেশের ডিম ও মুরগির মাংসের চাহিদা পূরণে এ অঞ্চলের পোলট্রি খামারগুলো ব্যাপক ভূমিকা রাখছে। কিন্তু ২৭ মাস ধরে দেশের বড় হ্যাচারি ও ফিডমিলের মালিকেরা এক দিনের বাচ্চা ও খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন। এক দিনের প্রতিটি বাচ্চার দাম ৩০-৩৫ টাকা হওয়ার কথা। সেখানে হ্যাচারিগুলো সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি বাচ্চার মূল্য নিচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। বাচ্চা ক্রয়, ওষুধ ও খাদ্য—সব ক্ষেত্রেই একটি সিন্ডিকেট কাজ করছে। ফলে ডিম ও মাংস উৎপাদনের পর বাজারে বিক্রি করে প্রকৃত মূল্য পাওয়া যাচ্ছে না।
খামারিরা বলেন, দেশে মুরগির ডিম ও মাংসের বড় অংশের জোগান দিয়ে থাকে গাজীপুর জেলা। এই শিল্পের সঙ্গে জড়িত হয়ে জীবিকা নির্বাহ করছেন অসংখ্য বেকার। শ্রীপুর পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ডিম ও মাংস উৎপাদনে ভর্তুকি দিতে দিতে এই এলাকায় ছোট-বড় তিন হাজার খামারের মধ্যে গত এক বছরে অন্তত অর্ধেক বন্ধ হয়ে গেছে। লোকসানের অঙ্কও ঠেকেছে ২০০ কোটিতে। খামারগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়েছেন অন্তত চার হাজার শ্রমিক। প্রতিটি ডিম উৎপাদনে খরচ হয় ৬ টাকা ৭০ পয়সা। অথচ প্রতিটি পাইকারিতে বিক্রি করতে হচ্ছে ৩-৫ টাকা মূল্যে।
মাওনা পোলট্রি ফিড ও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল ফরাজী বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও পোলট্রি শিল্পবান্ধব বলেই জানি। অথচ এই সময়ে আমরা পোলট্রি শিল্পের এমন দুরবস্থা পার করছি। আমাদের শিল্পকে বাঁচাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। হ্যাচারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে হবে। না হলে আরও বড় আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’
বাংলাদেশ পোলট্রি খামার জাতীয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মহসিন বলেন, সারা দেশে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্দিন যাচ্ছে। ডিম ও মাংসের দাম বৃদ্ধি না করলে এই শিল্প টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।
শ্রীপুর পোলট্রি খামার সমিতির সভাপতি আবদুল মতিন বলেন, লোকসানের কারণে শ্রীপুরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক খামার। আবার অব্যাহত লোকসানের কারণে অনেকের দেনার পরিমাণ বেড়ে যাচ্ছে।
শ্রীপুর এগ্রোভেট রিপ্রেজেনটেটিভ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন বলেন, মুরগির ডিমের দাম বাড়ানোর মাধ্যমে পোলট্রি শিল্পকে বাঁচাতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। অন্যথায় ধ্বংস হয়ে যাবে এ শিল্প।
শ্রীপুরের প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল বলেন, শ্রীপুর বন্যামুক্ত হওয়ায় এখানে দ্রুত বর্ধনশীল একটি শিল্প পোলট্রি খাত। কিন্তু অত্যধিক গরমের কারণে হঠাৎ ডিমের দাম কমে গেছে। এটা শুধু শ্রীপুরের সমস্যা নয়, সারা দেশেই একই অবস্থা বিরাজ করছে।