মুরগির দাম বেড়েছে কমছে সবজির দাম
বাজারে ব্রয়লার মুরগির দাম আবারও বেড়েছে। মাত্র এক দিনের ব্যবধানে গতকাল শনিবার ব্রয়লার মুরগির দাম কেজিতে পাঁচ-দশ টাকা করে বেড়ে গেছে। দোকানিরা বলেছেন, অসহনীয় ঠান্ডার কারণে বাচ্চা বাঁচানো যাচ্ছে না। তাই দাম বাড়ছে।অপরদিকে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। এ ছাড়া পেঁয়াজ, রসুন, আদার দামও প্রায় অপরিবর্তিত রয়েছে।গতকাল শনিবার দুপুরে নগরের রিয়াজ উদ্দিন বাজারে গিয়ে দেখা যায়, ৯০০ গ্রাম থেকে সোয়া কেজি ওজনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৪৭ টাকা এবং দেড় কেজি থেকে আড়াই কেজি ওজনের মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪২ টাকা কেজিতে। দেশি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা কেজি।কর্ণফুলী ও পাহাড়তলী বাজারেও প্রায় একই দামে মুরগি বিক্রি হতে দেখা যায়। পাহাড়তলীতে ছোট ব্রয়লার মুরগির দাম হাঁকা হয় কেজিপ্রতি ১৪৫ টাকা। বড় মুরগি ১৪০ টাকা কেজি। বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ বেলাল বলেন, ‘আমরা শুক্রবার দিনও ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। এক দিনের ব্যবধানে দাম বাড়ার কারণ, ঠান্ডায় মুরগির বাচ্চা বাঁচাতে পারছেন না খামারিরা।’ এ বাজারে দেশি মুরগি ২৮০ টাকা কেজিতে বিক্রি হয়।রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি দোকানে গতকাল ফুলকপি বিক্রি হয় ২২ থেকে ২৫ টাকা কেজিতে। বাঁধাকপি ১০ থেকে ১২ টাকা, মুলা ১৮ টাকা, শিম ২০ থেকে ৩০ টাকা, বরবটি ৪৫ থেকে ৫০ টাকা, শালগম ২৬ থেকে ২৮ টাকা, পেঁয়াজপাতা ১০ থেকে ১২ টাকা, গাজর ২২ থেকে ২৫ টাকা, ক্ষীরা ২৪ থেকে ২৫ টাকা ও শিমের বিচি ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়। নতুন আলু ২০ টাকা ও পুরোনো আলু ১৫ টাকা কেজি।কাঁচা মরিচের কেজি ৪৫ থেকে ৫০ টাকা, ধনেপাতার কেজি ২০ থেকে ২২ টাকা এবং পুদিনা পাতা বিক্রি হয় ৭৫ টাকা কেজিতে।