মুরগির পাইকারি দাম কম, লোকসানে খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস আগে সোনালি জাতের এক কেজি মুরগির পাইকারি দাম ছিল ২১৫ থেকে ২২০ টাকা। এখন এর দাম কমে হয়েছে ১৬০ টাকা। ওই সময় এক কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৩০ টাকা, আর এখন হয়েছে ৯০ টাকা।
উপজেলার মুরগির খামারি ও পোলট্রি ফার্ম সমিতি সূত্র জানায়, গত তিন-চার মাসে মুরগির দাম কেজিতে ৫০-৬০ টাকা কমে যাওয়া খামারিদের লোকসান গুনতে হচ্ছে। এতে অনেক খামারি মুরগির ব্যবসা বন্ধ করে দিয়েছেন। কম পুঁজি খাটিয়ে কম সময়ে লাভের আশায় গত কয়েক বছরে দুপচাঁচিয়ায় ১ হাজার ৩৫০টির মতো মুরগির খামার গড়ে উঠেছে। গ্রামের খুদে ব্যবসায়ী ও কৃষকেরা তাঁদের বসতবাড়ি ও চাতালের পাশে খামার গড়ে তুলেছেন। এসব খামারে ৫০০ থেকে ৪০০০ পর্যন্ত মুরগি পালন করা হয়। এ উপজেলা থেকে প্রতিদিন ৭০-৮০ হাজার মুরগি জেলার বাইরে সরবরাহ করেন পাইকারেরা। এবার বর্ষার কারণে মুরগির রোগবালাই বেশি হওয়ায় ওষুধ খরচ বেশি করতে হয়েছে খামারিদের। তার ওপর দাম কমায় আরও লোকসানে পড়েছেন তাঁরা।
আল হেরা পোলট্রি ফার্মের মালিক আবদুল জলিল বলেন, ১৫ বছরের বেশি সময় ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত। গত এক বছরে মুরগির খাবার ও ওষুধের দামের তেমন হেরফের হয়নি। এক কেজি ওজনের মুরগি পালন করতে ১৭০ থেকে ১৮০ টাকা খরচ হতো খামারিদের। এ বছরের শুরুতে টানা হরতাল ও অবরোধের কারণে অনেকেই লোকসান দিয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। এখন দাম কমায় লোকসানে পড়ে আরও অনেকে ব্যবসা ছাড়ছেন।
খামার বন্ধ হয়ে যাওয়া ব্যবসায়ী মাসুদ রানা ও আবদুর রশিদ বলেন, গত কয়েক বছর ধান-চালের ব্যবসা ভালো যাচ্ছে না। তাই চাতালের পাশে খামার গড়ে তুলেছিলেন তাঁরা। নিজেরা দেখাশোনা করেছেন। কিন্তু গত চার মাসে লোকসানে পড়ে তাঁরা খামার ব্যবসা বন্ধ করে দিয়েছেন।
দুপচাঁচিয়া উপজেলা পোলট্রি ফার্ম মালিক সমিতির সভাপতি আমিনুর রহমান বলেন, একসময় ব্যবসা ভালো গেছে। এই আশায় উপজেলায় ছোটবড় দেড় হাজারের মতো খামার গড়ে উঠেছে। এখন ব্যবসা ভালো যাচ্ছে না। সরকারিভাবে কোনো সাহায্য-সহযোগিতাও মেলে না।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, খামারিদের সরকারিভাবে ভর্তুকি দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলা হয়েছে। বর্ষার কারণে মুরগির রোগবালাই বেশি হচ্ছে।