মুরগির পেটে অ্যান্টিবায়োটিক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের বাসিন্দা তাছলিমা বেগম (৩৫)। স্বামী আনোয়ারুল ইসলাম ব্যবসা করেন। সংসারের সচ্ছলতার জন্য স্বামীর আয়ের পাশাপাশি তিনিও উপার্জন করছেন। বাড়ির তিনটি ঘরে তিনি পোলট্রি খামার করেছেন। তিনি খামারে মুরগির বাচ্চা ওঠানো থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত অন্যান্য ওষুধের সঙ্গে রেনামাইসিনসহ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধও খাওয়ান। তাছলিমা বেগমের মতো এ উপজেলার অধিকাংশ খামারি মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ান। তাঁরা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর এক সপ্তাহ পার না হতেই মুরগি ও ডিম বাজারজাত করছেন।ওষুধ বিক্রেতা কাজী হান্নানের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা করার জন্য মুরগিকে খাওয়ানো হয় রেনামাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন, অক্সিটেট্রাসাইক্লিন, টায়ামুলিন, কলিস্টিন, সিটিসি, ইরিত্রোমাইসিনসহ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক।খামারি দেলোয়ার হোসেন জানান, অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে খামারের মুরগি বাঁচানো সম্ভব নয়। তাই মুরগিকে সুস্থ রাখার জন্য তিনি অ্যান্টিবায়োটিক রেনামাইসিনসহ বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ান। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর কমপক্ষে তিন থেকে সাত দিনের মধ্যে এসব মুরগির মাংস ও ডিম খাওয়া যাবে না। কারণ, এ সময়ের মধ্যে মুরগির দেহে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা থেকে যায়। মাংস সেদ্ধ করলেও এর প্রভাব নষ্ট হয় না। এটা মানবদেহের হাড় ও মাংসের মধ্যে ঢোকে এবং অস্থি-মজ্জায় জমা হয়। এ কারণে মানুষের শরীরের টিস্যু অকার্যকর হয়ে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যেতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরও দুর্বল হয়ে পড়ে। কিন্তু খামারিরা এসব মুরগি ও ডিম বাজারজাত করছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনার মাধ্যমে মুরগি পালন সম্ভব।