মুরগির বাচ্চা আমদানি করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাচারি মালিকেরা সিন্ডিকেট করে এক দিন বয়সী মুরগির বাচ্চার মূল্য সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে তিন গুণ বেশি আদায় করছেন। এ অবস্থায় সরকার বিদেশ থেকে মুরগির বাচ্চা আমদানির অনুমোদন দিয়েছে। মাত্র ৫ শতাংশ শুল্ক দিয়ে মুরগির বাচ্চা আমদানি করা যাবে। মাংসের দাম যাতে অস্বাভাবিক বৃদ্ধির সুযোগ না থাকে, সে জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। সভা-সংশ্লিষ্ট সূত্র এ কথা জানায়।জানা যায়, ৩১ মে আন্তমন্ত্রণালয় বৈঠকে এক দিন বয়সী মুরগির বাচ্চার মূল্য ব্রয়লার ৩০ টাকা ও লেয়ার ৩২ টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু দেশের হাতেগোনা কয়েকটি বড় কোম্পানি এ সিদ্ধান্ত উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে নতুন দাম নির্ধারণ করে। গতকালের সভা শেষে সংসদীয় কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন নিজান সাংবাদিকদের বলেন, খামারের মালিক তথা জনগণের কথা বিবেচনা করে কমিটি বাচ্চা আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করে। সরকার এটি অনুমোদন করায় খামারিদের মুরগি পালনের খরচ কমে যাবে। এতে মুরগির দাম কমবে।আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, মীর শওকত আলী, জাফর ইকবাল সিদ্দিকী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ ও নুর আফরোজ আলী উপস্থিত ছিলেন।