মুরগির বাচ্চা ও খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের ভৈরবে এক দিন বয়সী ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চা এবং মুরগির খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে গতকাল শনিবার স্থানীয় পোলট্রি ডিলার অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে কয়েক শ খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন। এ সময় তাঁরা বলেন, পোলট্রি দেশের বিকাশমান একটি শিল্প। এই শিল্পের বেশির ভাগ খামারি ও ডিলার বেকার তরুণ। আর বাচ্চা ও খাদ্য উৎপাদকেরা শিল্পপতি। এই শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে খামারি ও ডিলারদের ভাগ্য কিছুটা খুলেছিল। কিন্তু এখন আবার তাঁরা মরতে বসেছেন। কারণ, শিল্পের প্রধান উপকরণ বাচ্চা ও খাদ্য—দুটির দামই অস্বাভাবিক হারে বেড়ে চলছে। বাচ্চা ও খাদ্য উৎপাদকেরা সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
খামারিরা বলেন, তিন মাস আগেও এক দিনের লেয়ার মুরগির বাচ্চা ৩০ থেকে ৪০ টাকায় কেনা যেত। এখন ওই মরগির বাচ্চা ৯০ থেকে ৯৫ টাকার নিচে কেনা যাচ্ছে না। একই সময়ে ব্রয়লার মুরগির দাম বেড়েছে বাচ্চাপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। বর্তমানে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকার নিচে এক বস্তা (প্রায় ৪০ কেজি) খাবারও কেনা যাচ্ছে না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. শরীফ উদ্দিন, সহসভাপতি শরীফ খন্দকার, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ডিলার সাইদুর রহমান প্রমুখ।
সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, ৯০ টাকা দিয়ে বাচ্চা কিনে ১২০ টাকা কেজি মুরগি বিক্রি করে লাভের কোনো সুযোগ নেই। এ কারণে তিন মাসের ব্যবধানে ভৈরবে প্রায় ৫০০ খামার বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় শিল্প বাঁচাতে সিন্ডিকেট ভাঙতে তিনি সরকারের হস্তক্ষেপ দাবি করেন।