মুরগির বাচ্চার দাম পুনর্নির্ধারণ সাত দিনের মধ্যেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি এক দিনের ব্রয়লার মুরগির বাচ্চা ও লেয়ার বাচ্চার দাম আগামী সাত দিনের মধ্যে পুনর্নির্ধারণ করবে সরকার। প্যাকেটের গায়ে নির্ধারিত দাম লেখা থাকবে। নতুন দাম নির্ধারণের আগ পর্যন্ত ব্রয়লার মুরগির বাচ্চার দাম ৩০ টাকা এবং লেয়ার বাচ্চার দাম ৩২ টাকা করে বিক্রির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। গতকাল বুধবার সচিবালয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সভাপতি প্যারাগন পোলট্রি খামারের মালিক মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে মন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মুরগির বাচ্চার দাম নিয়ে অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলা ২৪ অক্টোবরের মধ্যে প্রত্যাহার করা হবে বলে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ব্রিডার্স অ্যাসোসিয়েশনকে নিয়েই নতুন দাম ঠিক করা হবে।সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশ এখন অ্যানথ্রাক্সমুক্ত। কোরবানির ঈদে গরু কেনাবেচা নিয়ে মানুষের শঙ্কা দূর করতে সব পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া মুরগির ব্যবসায়ীদের বিরুদ্ধে এ রোগের আতঙ্ক ছড়ানোর যে অভিযোগ উঠেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। প্রসঙ্গত, হ্যাচারি মালিকেরা সরকারের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে বর্তমানে ৭০ থেকে ৭২ টাকায় মুরগির বাচ্চা বিক্রি করছেন। গত ১৫ জুন এক দিনের ব্রয়লারের বাচ্চার দাম ৩০ টাকা এবং লেয়ারের বাচ্চার দাম ৩২ টাকা করে বিক্রির নির্দেশ দেয় মন্ত্রণালয়।