এক মাস আগে এক দিনের লেয়ার মুরগির বাচ্চার দাম ছিল ৫৫ টাকা, এখন বাজারে ওই বাচ্চা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। একইভাবে ব্রয়লার বাচ্চার দাম বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা, ককরেল ১০ থেকে ১২ টাকা, সোনালি মুরগির বাচ্চার দাম বেড়েছে ৯ থেকে ১০ টাকা।
খুলনায় মুরগির বাচ্চার দাম এভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন পোলট্রি ব্যবসায়ীরা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। বলছেন, বাচ্চার দাম বাড়ার কারণে মুরগি উৎপাদন খামারিদের খরচও ৪০ থেকে ৪৫ শতাংশ বেড়ে গেছে। এতে আসন্ন রমজান মাসে মুরগি ও ডিমের দাম বেড়ে যাবে।
পোলট্রি মুরগির বাচ্চা ও সয়াবিন খৈলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার সভা করেছেন পোলট্রি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বেলা ১১টার দিকে খুলনা পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়ে এ সভা হয়।
পোলট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভায় পোলট্রি বাচ্চা ও খৈলের মূল্যবৃদ্ধিতে সরকারের নীরবতায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় বক্তারা দ্রুত সরকারি সব হ্যাচারিতে বাচ্চা উৎপাদন, বাচ্চার ঘোষিত মূল্য কার্যকর ও সয়াবিন খৈলের আমদানিতে সরকারি সহযোগিতার দাবি জানান। পাশাপাশি পাইকারি মুরগি ও ডিমের বাজার স্থাপন, কৃষিজ ভিলেজ লাইভ স্টক এলাকা বাস্তবায়ন ও আগামী বাজেটে পোলট্রি ও ডেইরি শিল্পের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান।
সভায় খুলনা বিভাগীয় পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি ইব্রাহিম ফয়জুল্লাহ সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসরকারি ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন, খুলনা পোলট্রি ফিশ ফিড ও দোকান মালিক গ্রুপের সভাপতি কাজী নূরুল ইসলাম, খুলনা পোলট্রি ফিশ ফিড শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসান, বাংলাদেশ নাগরিক আন্দোলনের আহ্বায়ক কুদরত-ই-খুদা প্রমুখ।
খুলনা বিভাগীয় পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি সূত্র জানায়, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শুধু খুলনায় ৪ হাজার ৯৫২টি পোলট্রি খামারসহ মোট ৪৭ হাজার ৮৯১টি খামার রয়েছে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী এম এম সোহরাব হোসেন বলেন, হ্যাচারির মালিকেরা চাহিদার বিপরীতে কম বাচ্চা উৎপাদন ও সরবরাহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ কারণে বাজারে মুরগির বাচ্চার দাম বেড়েছে। বেসরকারি হ্যাচারি মালিকদের বেপরোয়া ও মুনাফালোভী নীতির কারণে বাজারে সব ধরনের মুরগি ও ডিমের দাম বেড়ে যাচ্ছে। মুরগির বাচ্চার দাম বাড়ানোর সঙ্গে একশ্রেণির ব্যবসায়ী সব মৎস্য ও পশুখাদ্যের অন্যতম উপকরণ সয়াবিন খৈলের দাম কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বাড়িয়েছেন। এতে রমজান মাসে মুরগির পাশাপাশি মাছ ও অন্য মাংসের দামও বেড়ে যাবে।