মুরগির বিষ্ঠার দুর্গন্ধে টেকা দায়, এলাকাবাসীর বিক্ষোভ
পরিবেশ দূষণের অভিযোগে কাজী ফার্মসের ধেমশিমারি ইউনিটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষুব্ধরা প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপকের গাড়িসহ সাইনবোর্ড ও কার্যালয়ে মুরগির বিষ্ঠা (স্থানীয়ভাবে বলা হয় ‘লিটার’) ছিটিয়ে দেন। গত মঙ্গলবার থেকে পঞ্চগড় শহরতলির ধাক্কামারায় এসব ঘটনা ঘটছে। গত বুধবার বিকেলে পার্শ্ববর্তী লাঙ্গলগাঁও বালিকা উচ্চবিদ্যালয়ে কাজী ফার্মস, এলাকাবাসী ও পুলিশের মধ্যে ত্রিপক্ষীয় সমোঝতা বৈঠক হয়। বৈঠকে কাজী ফার্মস কর্তৃপক্ষ দুই মাসের মধ্যে উদ্ভূত সমস্যা সমাধানের আশ্বাস দেয়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বৃহৎ পোলট্রি শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপ পরিবেশ আইনের তোয়াক্কা না করে ধাক্কামারার লাঙ্গলগাঁও ধেমশিমারিতে ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার গড়ে তোলে। এলাকার লোকজন দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তুলে প্রতিবাদ করে আসছেন। এতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। এলাকাবাসীর অফিযোগ, কাজী ফার্মস তাদের খেয়াল-খুশিমতো যত্রতত্র মুরগির বিষ্ঠা, মরা মুরগিসহ পচা আবর্জনা ফেলে রাখে। উন্মুক্ত স্থানে বিষ্ঠা ফেলায় তা থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ছাড়া এলাকায় মাছির ব্যাপক উপদ্রব দেখা দিয়েছে। মাছির কারণে এলাকার বিভিন্ন বয়সী মানুষ ডায়রিয়া, চর্মরোগসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়ছে। এদিকে পরিবেশ দূষণের প্রতিকার চেয়ে এলাকাবাসী জেলা প্রশাসনের কাছে ইতিপূর্বে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতিকার না পেয়ে অবশেষে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এলাকার নজরুল ইসলাম ও আমিনার রহমান জানান, এর আগেও কাজী ফার্মসের ওই ইউনিটের বিরুদ্ধে পরিবেশ দূষণের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ করা হয়। সে সময় তারা পরিবেশ দূষণরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলেছিল। কিন্তু দীর্ঘদিনেও তা করেনি। কাজী ফার্মসের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘ঘনবসতিপূর্ণ এই এলাকায় কীভাবে মুরগির ফার্ম হলো বলতে পারব না। তবে আগামী দুই মাসের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।’