মুরগির বিষ্ঠায় বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের লোডশেডিংয়ে যখন জনজীবন বিপর্যস্ত ঠিক তখনই মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত বায়োগ্যাস প্লান্টের বিদ্যুৎ দিয়ে আলোকিত হয়েছে শেরপুর সদরের দমদমা কালিগঞ্জ গ্রাম। উৎপাদিত গ্যাস দিয়ে জ্বলছে বিদ্যুতের বাতি ও রান্নার চুলা।বায়োগ্যাস প্লান্ট স্থাপনের এই উদ্যোগ নিয়েছেন কে নাহার পোলট্রি কমপ্লেক্সের স্বত্বাধিকারী আবুল হাসেম। এই প্লান্টের বিদ্যুতে নাহার পোল্ট্রি কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আশপাশের বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে রান্নার কাজেও ব্যবহূত হচ্ছে বায়োগ্যাস।সংশ্লিষ্টরা জানায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই পোলট্রি ফার্মের মুরগির বাচ্চা লালন-পালনের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু লোডশেডিংয়ের কারণে দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে। এ সমস্যা থেকে উত্তরণে ২০০৯ সালের মে মাসে মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় আট লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্লান্টে গ্যাস উৎপাদন শুরু হয় ডিসেম্বরে। কমপ্লেক্সের ব্যবস্থাপক মোহাম্মদ চাঁন মিয়া জানান, ফার্মের ১৫ হাজার মুরগির বিষ্ঠা একদিন পর পর প্রথমে ট্যাংকে ফেলা হয়। এরপর এখান থেকে বিশেষ যান্ত্রিক পদ্ধতিতে বর্জ্যগুলো প্লান্টের মূল ট্যাংকে জমা হয়। এখানেই উৎপন্ন হয় গ্যাস। অপ্রয়োজনীয় বর্জ্য পাইপের মাধ্যমে ভিন্ন একটি ট্যাংকে চলে যায় ও সেগুলো জৈব সারে রূপান্তরিত হয়। তিনি আরও জানান, বর্তমানে এ প্লান্ট থেকে উৎপাদিত গ্যাস দিয়ে ১৫ কিলোওয়াটের জেনারেটর চালানো হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কমপ্লেক্সের বিদ্যুতের চাহিদা মেটানো ছাড়াও ফার্মের কর্মচারীদের ছয়টি বাসা, একটি ইটভাটা ও সংলগ্ন দমদমা কালিগঞ্জ গ্রামের ১৬টি বাসায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একইসঙ্গে উৎপাদিত গ্যাস দিয়ে ১৬টি পরিবারে গ্যাসের চুলায় রান্নার কাজ চালানো হয়। পোলট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, আগে ফার্মের কাজের জন্য ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন জেনারেটর চালাতে প্রতিদিন ১৩ লিটার ডিজেল ব্যবহার করতে হতো। প্লান্ট চালুর ফলে মাত্র চার লিটার ডিজেল ব্যবহার করতে হয়। এতে মাসে প্রায় ১২ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে আয় হচ্ছে ১০ হাজার টাকা। কমপ্লেক্সের স্বত্বাধিকারী আবুল হাসেম বলেন, প্রতিটি পোলট্রি খামারের মালিক যদি এ রকম প্লান্টের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের চিন্তা করেন, তাহলে বাংলাদেশ অনেকটাই বিদ্যুৎ ও গ্যাসসংকট কাটিয়ে উঠতে পারবে।