মুরগির ব্যবসায়ীরা অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়াচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু ও ছাগলের মাংস না খেয়ে মানুষ যেন মুরগি কেনার দিকে বেশি ঝোঁকে, সেই লক্ষ্যে পরিকল্পিতভাবে মুরগির ব্যবসায়ীরা অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমাদের কাছে গোপন প্রতিবেদন রয়েছে। তদন্তের ভিত্তিতে আমরা সাতটি প্রতিষ্ঠানকে চিহ্নিতও করেছি।’গতকাল রোববার সচিবালয়ে মাংস ব্যবসায়ী ও দুগ্ধখামার মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ও শিশু বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, গরুর দুধ পান করলে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার ভয় নেই। বাচ্চাদের খাওয়ানোর জন্য কমপক্ষে ৩০ মিনিট দুধ জ্বাল দেওয়া হয়। এই দুধ পান করলে কোনো ক্ষতি নেই। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সামনে কোরবানির ঈদ। অনৈতিক ব্যবসায়ীরা এই সময়কে টার্গেট করেছেন। ঈদে যাতে গরু ও ছাগল বিক্রি কমে যায়, সে জন্য তাঁরা অ্যানথ্রাক্স নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সরকার চিহ্নিত এসব ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, কী সংখ্যক গবাদিপশু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত। গত ১৮ সেপ্টেম্বরের পর থেকে দেশে কোনো পশু এ রোগে আক্রান্ত হয়নি। এ পর্যন্ত দেশে পাঁচ শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। এ ছাড়া ৪৮টি গরু এবং ৫৬টি ছাগল অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে।’সেমিনার: ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ও শিশু বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে এ রোগের কারণ, প্রতিষেধক ও প্রতিকার নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা বলেন, কোনো গবাদিপশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে সেটি এদিক-ওদিক দৌড়াদৌড়ি করবে। পশুটির শরীরে ১০৬ থেকে ১০৭ ডিগ্রি তাপমাত্রা দেখা দেবে। লোমগুলো দাঁড়িয়ে থাকবে। এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে পশুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে।সেমিনারে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক আবিদ হোসেন মোল্লা ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নারায়ণচন্দ্র সাহা।প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, গরুর দুধ খেলে কারও অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার ভয় নেই। বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় কমপক্ষে ৩০ মিনিট সেদ্ধ করা হয়। এই সেদ্ধ করা দুধ পান করলে কোনো ক্ষতি নেই। অতীতের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘১৯৬৩ সালে যখন ঢাকা মেডিকেলের শিক্ষক ছিলাম তখন এই গ্যালারিতে বক্তব্য দিয়েছি। তার ৪৭ বছর পর আজ আবার একই গ্যালারিতে বক্তব্য দিচ্ছি।’ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী দীন মোহাম্মদ বলেন, বাংলাদেশের মানুষ অনেক রোগের সম্মুখীন হচ্ছে। ডেঙ্গু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, প্লেগ এবং অ্যানথ্রাক্স। এসব রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং কীভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা করতে হবে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, রোগী এলেই তাঁকে অ্যানথ্রাক্সে আক্রান্ত বলা যাবে না। যাঁরা আক্রান্ত পশুর সংস্পর্শে আসেন তাঁরাই এ রোগে আক্রান্ত হন। এ রোগ পশু থেকে মানুষের শরীরে যায়। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে পাঁচ-ছয় বছর পরপর পশুকে অ্যানথ্রাক্সের টিকা দিতে হবে।ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিশু বিভাগের প্রধান অধ্যাপক এখলাসুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার নবী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিশু বিভাগের চিকিৎসক আবু সাঈদ।