মুরসি সমর্থকদের দমনে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী

মিসরের ইসলামপন্থীদের দমনে আজ বৃহস্পতিবার রাজধানী কায়রোর উপকণ্ঠে অবস্থিত এক শহরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রয়টার্স বলছে, শহরটি সামরিক অভ্যুত্থানে অপসারিত সাবেক প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
রাজধানী থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত কেরদাসা শহরটিতে অভিযানের সময় ইসলামপন্থীদের ছোড়া গ্রেনেডে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং আহত হয়েছেন নয় পুলিশ ও সেনাসদস্য।
আজ বৃহস্পতিবার খুব ভোরে পুলিশ ও সেনাসদস্যরা প্রচুর যানবাহনসহ শহরটিতে ঢোকার পর স্থানীয় বন্দুকধারীদের বাধার মুখে পড়ে।
মিসরের সেনাবাহিনী গত ৩ জুলাইয়ে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে। এরপর মুরসির সমর্থক ও ইসলামপন্থীরা দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।
আজকের অভিযানের আগে এ সপ্তাহের শুরুতেই ইসলামপন্থীদের দমনে সেনাবাহিনী আরেকটি শহরে অভিযান চালিয়েছিল। ওই শহরটির অধিকাংশ মানুষ ইসলামপন্থীদের সমর্থক ও সেনাবহিনীর বিরোধী।
তারও আগে ১৪ জুলাই মুরসির সমর্থকেরা কেরদাসা থানায় হামলা করেছিল। সে সময় বিদ্রোহীরা রকেটচালিত গ্রেনেড নিয়ে হামলা চালায় এবং থানায় আগুন লাগিয়ে দেয়। এ সময় শত শত মুরসি সমর্থক নিহত হয়। তার পর থেকে কেরদাসা শহরটিতে কার্যত কোনো প্রশাসন নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হানি আবদেল আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের দমন না করে সেখান থেকে সেনাবাহিনী ফিরবে না।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মেনা জানায়, এখন পর্যন্ত ৬৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রচুর রকেটচালিত গ্রেনেড ও অন্যান্য অস্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।