স্কুলছাত্রী নাশফিয়া আখন্দ পিংকি আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারকৃত মুরাদ মৃধাকে (২৫) গতকাল রোববার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত শনিবার সকালে খুলনার খালিশপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। মামলার আরেক আসামি পিংকিদের বাড়ির দারোয়ান আবুল কালাম কারাগারে আছেন।গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় বাদী পিংকির বড় চাচা আলী আশরাফ আসামি মুরাদের মুখোমুখি হলে একে অন্যকে পিংকির আত্মহত্যার ঘটনার জন্য দায়ী করেন। মুরাদ দাবি করেন, তাঁর সঙ্গে পিংকির ভালোবাসার সম্পর্ক থাকায় চাচা আশরাফ প্রায়ই পিংকিকে মারধর করতেন। পিংকি তাঁকে প্রায়ই মারধরের কথা বলত। মুরাদের সঙ্গে পিংকির প্রেমের সম্পর্ক অস্বীকার করেন তাঁর আরেক চাচা।গতকাল থানায় মুরাদকে সংবাদকর্মীদের সামনে আনা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তেজগাঁও) চৌধুরী মঞ্জুরুল কবির জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ দাবি করেন, পিংকির সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারের সদস্যরা পিংকির ওপর নানা ধরনের অত্যাচার করতেন। মঞ্জুরুল কবির বলেন, মুরাদের মানিব্যাগে পিংকির পাসপোর্ট আকারের একটি ছবি পাওয়া গেছে। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করায় তদন্তের আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে তিনি জানান।মুরাদ সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘ঘটনার কয়েক দিন আগে বড় চাচা আমাকে পিংকির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন, অন্যথায় পুলিশে ধরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। আমি ঘটনার আগের রাতে পিংকিকে সে কথা জানিয়ে আমাকে ভুলে যেতে বলি। ঘটনার দিন সে হাত কেটে রাস্তায় এসে আমার সঙ্গে তর্ক শুরু করলে আমি থাপড় মারি।’ মুরাদের দাবি, মহল্লার সবাই পিংকি আর তাঁর প্রেমের বিষয়ে জানত।এ সময় পিংকির ছোট চাচা শহীদুল্লাহ বলেন, ‘মুরাদ থাকে ছাপরাঘরে আর পিংকি ছিল ১৪ হাজার টাকার ভাড়া বাড়িতে। দুজনের মধ্যে প্রেম হয় কী করে?’ তিনি মুরাদকে এলাকার সন্ত্রাসী ও গাজা বিক্রেতা বলে অভিযোগ করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এ এস এম সায়েদ বলেন, গত শনিবার সকালে খুলনার খালিশপুর এস এ পরিবহনের কার্যালয় থেকে মুরাদকে আটক করে ঢাকায় আনা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন। তদন্ত চলছে। দুই মাসের মধ্যে তদন্ত শেষ হবে। যদিও পুলিশ সূত্র বলছে, মুরাদের নামে এর আগে থানায় কোনো অভিযোগ ছিল না।পুলিশ সূত্র জানায়, পিংকির খাতায় লেখা যে চিঠি জব্দ করা হয়েছে, সেটি আদৌ তাঁর লেখা কি না, পরীক্ষা করতে হবে। এ জন্য পিংকির স্কুল থেকে নেওয়া খাতা ও চিঠিটি বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে।