মুরাদ হাসানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি ছাত্র অধিকার পরিষদের
অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের জন্য মুরাদ হাসানের সংসদ সদস্য পদ বাতিল এবং তাঁকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায় না হলে ‘দুর্বার আন্দোলনের’ হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র অধিকার পরিষদের নেতারা এ দাবি জানান। সমাবেশে পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘মুরাদ হাসানকে শুধু মন্ত্রিসভা থেকে অপসারণ করলেই হবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান, নৈতিক স্খলনের কারণে তাঁর সংসদ সদস্য পদ বাতিল করুন।
তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এমন অনেক মুরাদ আওয়ামী লীগের ভেতরে বসবাস করছেন। আওয়ামী লীগকে বলছি, আরও যত মুরাদ রয়েছে, প্রতিটি মুরাদকে হুঁশিয়ার করে দিন। মুরাদ হাসানের সংসদ সদস্য পদ বাতিল করে শাস্তির আওতায় আনা না হলে ছাত্রসমাজ গণধোলাই দিলে বা জনগণ তাঁকে জুতাপেটা করলে তার দায়দায়িত্ব কে নেবে?’
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘মুরাদ হাসানের জঘন্য বক্তব্যের নিন্দা জানাই। মুরাদের বক্তব্য একটি পচে যাওয়া রাষ্ট্রের প্রতিচ্ছবি। বর্তমান সরকার সংসদকে একটি নাট্যশালায় পরিণত করেছে। মুরাদ হাসানকে শুধু মন্ত্রিসভা থেকে অপসারণ করলেই হবে না, তাঁকে অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’
মুরাদ হাসানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন ছাত্র অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি তারেকুল ইসলাম। একই সঙ্গে অশালীন মন্তব্যের জন্য তাঁকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারেকুল ইসলাম।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া বলেন, শুধু পদত্যাগ বা বহিষ্কারই নয়, মুরাদ হাসানকে অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। সেটি করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন, মুরাদ হাসান শুধু নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যই করেননি, তাঁর বক্তব্য বর্ণবৈষম্যমূলক ও সাম্প্রদায়িক। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে অন্য কেউ এ ধরনের মন্তব্য করার সাহস না পান। মুরাদ যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারেন।
ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন তাঁরা।