মুরাদনগর আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মুরাদনগর উপজেলা বাস টার্মিনালের সামনের সড়কে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে স্থানীয় বিএনপিদলীয় সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুসারী মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ ওরফে মাসুদ এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুজ্জামান আওয়ামী লীগে যোগ দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের সমর্থকদের মধ্যে তিন দিন ধরে বিক্ষিপ্ত সংঘর্ষ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একই সঙ্গে স্থানীয় সাংসদের বেশ কয়েকটি ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়।ওই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় মুরাদনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলের ওপর হামলা করে বলে অভিযোগ করেন বিএনপিদলীয় নেতা-কর্মীরা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা দা, ছেনি ও রামদা নিয়ে মিছিলে হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বিএনপি-সমর্থক শাহজাহান (৩০), আলী আশ্রাফ (৩২), যুবদলের নেতা মাসুদ (২৮), সৌরভ (৩৫), আলাউদ্দিন (৩২), ইকবাল হোসেনসহ (৩৭) কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে উভয় দলের নেতা-কর্মীরা অভিযোগ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন আল রশীদ বলেন, এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। নিজেরা সংঘর্ষ বাধিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভারী অস্ত্র নিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেন। আমরা নিরস্ত্র থাকায় ওদের হাতে দলীয় নেতা-কর্মীরা জখম হন।’ আওয়ামী লীগের অন্য একটি সূত্র দাবি করে, স্থানীয় সাংসদ কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ্ আরেফিন দীর্ঘদিন পর এলাকায় উপস্থিত হয়ে বিএনপি-সমর্থকদের সংগঠিত করেন। এরপর তাঁরা আওয়ামী লীগের সমর্থকদের ওপর হামলা চালান। মুরাদনগর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুজ্জামান বলেন, পুলিশের সামনেই বিএনপির নেতা ও সাংসদ কায়কোবাদের সমর্থকেরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। মুরাদনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, ‘আমাদের কথা কেউই শুনছে না। পুলিশের সদস্যের সংখ্যা কম থাকায় আমরা অ্যাকশনে যেতে পারিনি।’